• নৈহাটি হাসপাতালে ‘স্মার্ট ওপিডি’ তৈরির বরাত পান প্রাক্তন বিধায়ক! শুরু তদন্ত
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি হাসপাতালে ‘স্মার্ট ওপিডি’ তৈরির জন্য সাংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে দু’কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই কাজের টেন্ডার পেয়েছেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। তিনি কীভাবে টেন্ডার পেলেন, সঠিকভাবে কাজ হচ্ছে কি না, পেমেন্ট পেয়ে গিয়েছেন কি না—তদন্ত শুরু করল জেলা প্রশাসন। ওই টেন্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি জেলাশাসক শিল্পা গৌরীসারিয়ার সঙ্গে দেখা করে এ ব্যাপারে তদন্ত দাবি করেন। ‘ওয়ার্ক অর্ডার’ অনুযায়ী ঠিকঠাক কাজ হচ্ছে কি না, তাও জানতে চেয়েছেন তিনি। 

    সুমিত্রবাবু বলেন, ‘জেলাশাসকের অফিসে সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে আমার দেখা হয়। তিনিও খরচ খতিয়ে দেখার কথা বলেছেন। সাংসদ তহবিলের টাকায় নৈহাটি হাসপাতাল এবং ভাটপাড়া হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির কাজ শুরু হয়েছে।’ মোবাইল বন্ধ থাকায় প্রাক্তন বিধায়ক সনৎ দে’র এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, ভোটের প্রচারে গিয়ে নৈহাটির বর্তমান বিধায়ক জরাজীর্ণ নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো ১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় নিজেই এই খবর জানিয়ে বলেন, ‘হাসপাতালে প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি স্মার্ট ওপিডির কাজ কতটা হয়েছে বা কোনো দুর্নীতি হয়েছে কি না, সেটা জেলাশাসক তদন্ত করে দেখবেন।’ 
  • Link to this news (বর্তমান)