• কার্নিশে উঠে ঝাঁপ দেওয়ার হুমকি, ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার যুবক
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার দুপুরে টিকিয়াপাড়া এলাকায় চারতলা আবাসনের কার্নিশে উঠে এক যুবকের ঝাঁপ দেওয়ার হুমকিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে উদ্ধার অভিযান। শেষ পর্যন্ত পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই যুবককে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ইস্ট-ওয়েস্ট বাইপাস সংলগ্ন একটি চারতলা আবাসনের কার্নিশে উঠে পড়েন বছর বাইশের রোহিত সিংহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি বারবার ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাঁটরা থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। নীচে নিরাপত্তার জন্য জাল পাতা হয়। দমকল কর্মীরা মই লাগিয়ে তাঁর কাছে পৌঁছে বোঝানোর চেষ্টা করেন। একই সময়ে আবাসনের উপরের তলার কয়েকজন বাসিন্দা জানালার দিক থেকে তাঁকে গামছা দিয়ে বেঁধে রাখেন, যাতে তিনি ঝাঁপ দিতে না পারেন। পরে যৌথ অভিযানে তাঁকে নিরাপদে নীচে নামানো হয়।

    এই ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ রাস্তায় ভিড় জমালে ইস্ট-ওয়েস্ট বাইপাসে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। দাশনগর ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রোহিত সিংহ নেশাগ্রস্ত অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়ে অশান্তি করে নিজের বাড়িতে ফিরে এই কাণ্ড ঘটান। দিনের অধিকাংশ সময় তিনি নেশার মধ্যে কাটান বলে পুলিশ জানতে পেরেছে। উদ্ধার করার পর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)