শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে সম্প্রতি ঘটে যাওয়া নাবালিকা ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর নির্যাতিতার মায়ের আবেদনে সাড়া দিয়ে এলাকায় একটি পুলিশ কিয়স্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিন সেই পুলিশ কিয়স্কেরই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সরকারি সূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টা নাগাদ বারুইপুরে পৌঁছে পুলিশ কিয়স্কের উদ্বোধন করবেন তিনি।
এরপর নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে কলকাতার চিনার পার্কে নিজের বাসভবনে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
পরে বিকেল ৪টা নাগাদ ফের চিনার পার্ক থেকে রওনা দিয়ে হুগলির ডানকুনিতে যাবেন। সেখানে লাক্স সংস্থার একটি নতুন কারখানার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আনুমানিক বিকেল সাড়ে ৪টে নাগাদ ডানকুনিতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত রবিবার বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে মুখ্যমন্ত্রীর আশ্বাসে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। এরপর তিনি নিজে সূর্যপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। সেই সময় নির্যাতিতার মা এলাকায় একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট স্থাপনের আবেদন জানান।
সেই আবেদনের ভিত্তিতেই প্রশাসনের উদ্যোগে পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছে, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ডানকুনিতে শিল্পের নতুন ইউনিটের সূচনা হতে চলেছে।
প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নবান্নে গত বুধবার লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে অশোক টোডি নিজে নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।
আর সেই সময়ই তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন আজকের তাঁদের নতুন ইউনিটের উদ্বোধন করতে। বিজেপি ক্ষমতায় আসার পরেই বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন অনেক শিল্পপতি। রাজ্যে পালাবদলের পর শনিবার লাক্স কোজির হাত ধরেই প্রথম বড় শিল্পের উদ্বোধন হতে চলেছে।