• ভোরে মঙ্গল আরতি থেকে শুরু করে বিশ্বশান্তি যজ্ঞ, হাওড়ার এই রথযাত্রাকে ঘিরে ব্যাপক উন্মাদনা
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • কলকাতায় ইসকনের রথযাত্রার পাশাপাশি হাওড়ার উদয়নারায়ণপুর ইসকন পরিচালিত রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এবার রথযাত্রায় মানুষের উপস্থিতি লক্ষাধিক ছাড়াতে পারে, এই বিষয়টি মাথায় রেখেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে উদয়নারায়ণপুর খিলা ইসকন মন্দিরে। উদয়নারায়ণপুর ইসকন পরিচালিত রথযাত্রায় এত মানুষের উপস্থিতির অন্যতম কারণ হল, পুরীর রথযাত্রার মতই এখানেও সমস্ত নিয়ম বিধি নিখুঁতভাবে মেনে চলা হয়।

    তাই রথযাত্রার বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মূল প্রস্তুতি। মেলা ও উৎসবের জন্য তৈরি হচ্ছে অস্থায়ী নাটমন্দির, যা দেখতে অনেকটা দুর্গাপুজোর বিশালাকৃতির মণ্ডপের মত। সেই সঙ্গে রথযাত্রা উপলক্ষে বসছে বিশাল মেলার পসরাও। রথযাত্রার সূচনা হয় উদয়নারায়ণপুর গড় ভবানীপুর থেকে, এরপর রাজাপুর হয়ে রথ এসে পৌঁছয় খিলা গোপীমোহন স্কুল মাঠে। রথযাত্রা উপলক্ষে এই মাঠে নয় দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

    উৎসবের দিনগুলিতে প্রতিদিন ভোর ৪:৩০ মিনিটে মঙ্গল আরতি হয়, তারপর জপ, দর্শন আরতি, ভাগবত কথা ও জগন্নাথ কথা, দুপুরে ভোগ আরতি এবং সমস্ত জীব কল্যাণে বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন করা হয়। বিকেলে বৈদিক রীতি মেনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যারতি এবং মায়াপুর থেকে আগত প্রবীণ সন্ন্যাসীদের উপস্থিতিতে হবে জগন্নাথ কীর্তন। সবশেষে প্রতিদিন ভক্তদের জন্য থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। ২০১৮ সালে এখানে প্রথম রথযাত্রার সূচনা হয়।

    এর কয়েক বছর আগে উদয়নারায়ণপুর খিলায় ইসকন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। সবুজ ও নিরিবিলি প্রকৃতির মাঝে খিলা ইসকন মন্দিরটি অবস্থিত। সারাবছরই প্রতিদিন জেলা ও জেলার বাইরে থেকে অগণিত ভক্তের সমাগম ঘটে এখানে। আর প্রতি বছরই এই রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ও উন্মাদনা বেড়েই চলেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভিড় সামাল দিতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি ও সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে খিলা ইসকন মন্দিরের এই রথযাত্রা এখন গ্রামীণ হাওড়ার অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)