• বারুইপুরের ঘটনায় মিলল আশা, ৫ বছর পর হিঙ্গলগঞ্জের আরেক কাণ্ডে বিচার চেয়ে সরব মা! পাশে রেখা পাত্র
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • : বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারের পর নতুন করে আশার আলো দেখছেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটির এক মা। পাঁচ বছর আগে নিজের মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও বিচার না পাওয়ার অভিযোগ তুলে তিনি ফের প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

    পরিবারের অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় এলাকার এক বাড়িতে পরিচারিকার কাজে যাওয়ার জন্য ওই তরুণীকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অভিযোগ, ঘটনার ছয় দিন পর একটি খড়ের গাদা থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এটি একটি ধর্ষণ ও খুনের ঘটনা। তবে আর্থিক অসচ্ছলতার কারণে সেই সময় তাঁরা সঠিকভাবে আইনি লড়াই চালিয়ে যেতে পারেননি এবং আজও প্রকৃত বিচার অধরাই রয়ে গেছে।

    ঘটনার সময় রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে এসে পরিবারের পাশে দাঁড়ান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তবুও দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও দোষীদের উপযুক্ত শাস্তি হয়নি বলে অভিযোগ পরিবারের। সম্প্রতি বারুইপুরের বহুচর্চিত ধর্ষণ-খুন মামলায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও একের পর এক গ্রেফতারির ঘটনায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ওই মা। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তাঁর মেয়ের মৃত্যুর ঘটনাটির পুনঃতদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।

    এদিকে হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র পরিবারের সঙ্গে দেখা করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে দাবি পরিবারের। তাঁদের একটাই আবেদন—পাঁচ বছর আগের এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
  • Link to this news (News18 বাংলা)