বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩
প্রতিদিন | ১১ জুলাই ২০২৬
বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ‘নির্দোষ’ ইন্দ্রজিৎকে গণপিটুনি কাণ্ডের তদন্তেও তৎপর প্রশাসন। এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ বাহিনীর তল্লাশিতে তাদের পাকড়াও করা হয়। তার ফলে বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮।
এদিকে, শনিবারই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চারতলা ভাড়াবাড়িতে সূর্যপুর হাটের কাছে নয়া ফাঁড়ি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যে ফাঁড়ি তৈরি হয়েছে সেখানে দোতলায় ‘আউটপোস্ট ইনচার্জ’ ও অভিযোগ জানানোর জন্য পৃথক ঘর থাকছে। নিয়মিত বসবেন মহিলা পুলিশ অফিসারও। রয়েছে লকআপ এবং তিনতলার রিজার্ভ ফোর্সের থাকার জন্য বিশেষ ক্যাম্প। গত মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপার অফিসে বৈঠক শেষে নির্যাতিতা নাবালিকার পরিবারের প্রস্তাব মেনে তিনি ঘোষণা করেছিলেন, নিহত নির্যাতিতার বাড়ির পাশে সূর্যপুরে পুলিশ ফাঁড়ি হবে। বস্তুত সেই ঘোষণা মেনে মাত্র চারদিনের মধ্যে সূর্যপুর হাটের কাছেই নতুন ফাঁড়ি তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ হল।
নির্যাতিতা ও গণপিটুনিতে নিহত ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গেও কথা বলবেন। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে বিশেষ সাহায্যও তুলে দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রীর সফরের আগে গত শুক্রবার গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল ও নির্যাতিতা নাবালিকার বাড়ি ঘুরে দেখেন আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আসার আগে ইন্দ্রজিতের বাড়িও প্রশাসনের তরফে এদিন একাধিক রাজমিস্ত্রি নামিয়ে মেরামত করা হয়। বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা। বারুইপুর থানা থেকে এই ক্যামেরা মারফত পুরোটাই নজরদারি করা হবে।
এছাড়া বারুইপুরের ফুলতলায় প্রসেনজিৎ বিশ্বাস নামে যে কিশোরকে খুন করা হয়েছিল তার পরিবারের সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বারইপুর পুলিশ সুপারের অফিসে তাদের পরিবারকে ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি।