ধর্ষণ মামলার অভিযোগে জামিনে মুক্তি পেয়ে স্ত্রী, সন্তান-সহ ৬ জনকে খুন! চাঞ্চল্য এলাকায়
বর্তমান | ১১ জুলাই ২০২৬
হায়দরাবাদ, ১১ জুলাই: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে নিজের স্ত্রী, দুই সন্তান এবং তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা এক কিশোরী ও তাঁর পরিবারকে খুন করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায়। অভিযুক্তর নাম রাজকুমার।
পুলিশ মারফত জানা গিয়েছে, প্রথমে শাবাদ এলাকায় রাজকুমার তাঁর নিজের বাড়িতে স্ত্রী পার্বতী সারিথা(৩০) , চার বছরের এক ছেলে এবং ১৮ মাসের এক ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এরপর প্রায় ছয় কিলোমিটার দূরে একটি গ্রামে গিয়ে ১৭ বছরের এক কিশোরীকে খুন করে সে। সেইসঙ্গে ওই কিশোরীর মা ও দিদিমাকেও হত্যা করে রাজকুমার। পুলিশ জানিয়েছে, এই কিশোরী গত ১৬ মে রাজকুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তার বাবাকে ফোন করে সবকিছু জানায়। এবং তারপর থেকেই পলাতক সে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলে এসে ফরেন্সিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারী দল। অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য একটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।