• আজ সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: আজ, শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হবে সূর্যপুর ফাঁড়ির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন উদ্বোধন করবেন এই নয়া ভবনের। বারুইপুর কাণ্ডের পর সূর্যপুর ফাঁড়ির দাবি জানিয়েছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা। তাঁর কথা মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুর পুলিশ জেলার তৎপরতায় একেবারে সূর্যপুর হাটে একটি ভাড়া বাড়িতে চালু করা হবে এই ফাঁড়ি। সেখানে ৫-৬ জন অফিসার, আনুমানিক ১০ জন কনস্টেবল এবং মহিলা পুলিশ কর্মী থাকবেন। থাকবে এলাকায় নজরদারির ব্যবস্থা। ফাঁড়ির আওতায় থাকা সব জায়গায় সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা হয়েছে। তার মাধ্যমে ফাঁড়ি থেকে সর্বক্ষণ নজরদারি চালাবেন পুলিশ অফিসাররা। সূর্যপুর পুলিশ ক্যাম্পের মতো ফাঁড়ির ভূমিকা নিয়ে যাতে মানুষের মধ্যে প্রশ্ন না ওঠে, তার জন্য কর্তব্যরত পুলিশ কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। অভিযোগ পাওয়ামাত্র যাতে পদক্ষেপ করা হয়, তা স্পষ্ট ভাষায় পুলিশ অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, ইন্দ্রজিৎ রায় নামে এক ব্যক্তির বিল্ডিংয়ের দু’টি তল ভাড়া নেওয়া হয়েছে। এটি এক সময় চালের গোডাউন হিসাবে ব্যবহার করা হত। বর্তমানে একটি অংশে গোডাউন থাকবে, বাকি অংশ ব্যবহার করা হবে পুলিশ ফাঁড়ি হিসাবে। বাড়ির মালিক জানিয়েছেন, আপাতত বাড়ির ওই অংশ পুলিশকে ভাড়া দিয়েছি। তবে কত টাকা ভাড়া হবে, তা এখনও স্থির হয়নি। এদিন এই নয়া ফাঁড়ির পরিকাঠামোর কাজ খতিয়ে দেখতে ওই ভবন পরিদর্শন করেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কংকর প্রসাদ বাড়ুই। যে জায়গায় এই ভবনটি অবস্থিত, সেটি নির্যাতিতা নাবালিকা এবং গণপিটুনিতে মৃত্যু ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির একদম মাঝামাঝি অংশে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)