নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে ডিরেক্টর অব সেন্সাস অপারেশন এবং সিটিজেন রেজিস্ট্রেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পাশের রাজ্য ওড়িশায় এই পদে বহাল আইএএস অফিসার নিখিল পবন কল্যাণকে। পশ্চিমবঙ্গের সেন্সাস ডিরেক্টর পদটি দীর্ঘদিন যাবৎ ফাঁকা ছিল। গত জানুয়ারি মাসে ২০০৬ ব্যাচের আইএএস অফিসার রেশমি কমল এই পদে নিযুক্ত হন। তিনি সেন্সাস ডিরেক্টর থাকাকালীনই, মে মাসের শেষদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এরাজ্যে জনগণনা প্রক্রিয়ার সূচনা হয়। মূল কাজ শুরু হবে অবশ্য ১ আগস্ট থেকে। তবে এরই মধ্যে রেশমি কমলকে মূল ক্যাডারে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগ।
২৬ জুন জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার প্রস্তাব মেনে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেট প্রশাসনিক কারণে রেশমি কমলকে রাজ্য ক্যাডারে ফেরানোর প্রস্তাব মঞ্জুর করেছে। তাঁকে দেওয়া হয়েছে এক্সটেন্ডেড কুলিং অফ-এর সুবিধা। এর ফলে পশ্চিমবঙ্গে সেন্সাস ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে নিখিল পবন কল্যাণকে। প্রশাসনিক মহলের মতে, অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পরেই এরাজ্যে শুরু হয়েছে জনগণনার প্রক্রিয়া। একই সঙ্গে চলছে সিএএ-র অধীনে নাগরিকত্ব প্রদানেরও কাজ। ফলে বর্তমান পরিস্থিতিতে সেন্সাস ডিরেক্টরের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ।