দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা। ঘটনায় মৃত এক। মৃতের নাম শেখ সাইদুল (২৮)। শুক্রবার মধ্য রাতের ঘটনা। কারখানায় কাজের সময়ে আচমকা লোহার বিশালাকার একটি পাত্রের মধ্যে পড়ে যান ওই ঠিকা কর্মীর। ওই পাত্রে ফুটন্ত তরল লোহা ছিল। যার জেরে ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় তাঁর। পরে খবর জানাজানি হতে ছুটে আসেন কারখানা কর্তৃপক্ষ, সহকর্মী এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সূত্রের খবর, শেখ সালাউদ্দিন দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা কর্মী ছিলেন। ঘটনার দিন সালাউদ্দিন কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করছিলেন। সেই সময়ে আচমকা তিনি ফুটন্ত তরল লোহার পাত্র পড়ে যান। ফলে মুহূর্তের মধ্যেই তাঁর শরীর ঝলসে যায়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে আঁতকে ওঠেন কারখানার বাকি কর্মীরা। তাঁরা জানিয়েছেন, সালাউদ্দিনের দেহ ঝলসে রীতিমতো পোড়া কাঠের মতো হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে মৃত কর্মীর পরিবারের একজনকে স্থায়ী চাকরির দাবি জানানো হয়েছে। সঙ্গে আর্থিক সাহায্যেরও দাবি জানানো হয়েছে। এর আগেও ব্লাস্ট ফার্নেস বিভাগে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তরল লোহা ছিটকে বহু কর্মী জখম হয়েছেন।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি অরূপ রায় বলেন ‘কী ভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে মৃত কর্মীর পরিবারকে সব রকম সাহায্যের দাবি করা হয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে।’ শ্রমিক সংগঠন সিটুর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত বলেন, ‘কারখানার ভিতরে দুর্ঘটনায় একের পর এক ঠিকা কর্মীর মৃত্যু হচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে দুর্ঘটনা ঘটেছে।’ যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।