• রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়া হলো, কারা রয়েছেন?
    এই সময় | ১১ জুলাই ২০২৬
  • পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করতে চায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি প্রস্তাবিত খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা এবং পর্যালোচনার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুক্রবার ৯ সদস্যের সেই কমিটি গঠন করা হলো।

    গত ২ জুলাই ইউসিসি-র খসড়া বিলে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনেই এই কমিটি গড়েছেন রাজ্যপাল। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ (কমিটির আহ্বায়ক), অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক ও নির্মাল্য ভট্টাচার্য।

    মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্যে ইউসিসি-র খসড়া বিল তৈরির ক্ষেত্রে গুজরাতের ইউনিফর্ম সিভিল কোড বিল-২০২৬, অসমের ইউসিসি আইন এবং উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড আইন-২০২৪-কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। তাঁর মতে, ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা ব্যক্তিগত আইন চালু থাকার পরিবর্তে গোটা রাজ্যে একটিই আইন কার্যকর করার লক্ষ্য নিয়ে এই বিষয়ে উদ্যোগী হয়েছে সরকার। বিধানসভায় বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সংকল্পপত্রে ইউসিসি কার্যকরের প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর।’’ তিনি আরও বলেন, “আমরা কমিটেড। সংকল্পপত্রে যা লিখেছি তা বাস্তবায়িত করব। পশ্চিমবঙ্গেও ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হবে।

    পর্যালোচনা কমিটি কী ভাবে কাজ করবে, তা-ও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আইন নিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষা চালাবে কমিটি। বিবাহ, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, লিভ-ইন সম্পর্ক-সহ একাধিক বিষয়ে চলতি আইন ও বিধানের পর্যালোচনা করবে তারা। এ ছাড়াও সামাজিক ও আইনি প্রভাব, সাংবিধানিক প্রশ্ন এবং প্রশাসনিক বাস্তবতা নিয়েও সুপারিশ করবে কমিটি।

    সাম্প্রতিক সময়ে বিজেপিশাসিত উত্তরাখণ্ড হলো প্রথম রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়। সেই দেওয়ানি বিধির রূপরেখা কেমন হবে তা স্থির করতে যে কমিটি হয়েছিল, তারও নেতৃত্ব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেশাই। পরবর্তী সময়ে গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ের মতো বিজেপিশাসিত রাজ্যে ইউসিসি লাগু করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। সেই সব রাজ্যের কমিটির নেতৃত্বে রয়েছেন তিনিই। মহারাষ্ট্রেও তাঁর নেতৃত্বেই কমিটি গঠন হয়েছিল। তবে অসমে যে কমিটি গঠন হয়েছিল সেখানে ছিলেন না বিচারপতি দেশাই।

  • Link to this news (এই সময়)