গঙ্গাভাঙন রোধে ৩,৬০০ কোটি টাকার মেগা প্রকল্প, মুর্শিদাবাদের জন্য ২,৫০০ কোটি টাকার ঘোষণা
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
দীর্ঘদিনের গঙ্গাভাঙন সমস্যার স্থায়ী সমাধানে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গাভাঙন রোধে ৩,৬০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয় করা হবে শুধু মুর্শিদাবাদ জেলায়।
বহরমপুরে প্রশাসনিক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, গত দু’মাসে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার পাশাপাশি গঙ্গাভাঙন রোধে এই বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ফারাক্কা, ভগবানগোলা, লালগোলা-সহ গঙ্গার তীরবর্তী ভাঙনপ্রবণ বিস্তীর্ণ এলাকায় এই প্রকল্পের আওতায় প্রতিরোধমূলক কাজ করা হবে। প্রতি বছর গঙ্গার ভাঙনে যেসব এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি, বসতবাড়ি ও পরিকাঠামো নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই অঞ্চলগুলিকেই অগ্রাধিকার দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের মোট ব্যয়ের ৫০ শতাংশ বহন করবে কেন্দ্র সরকার এবং বাকি ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তিনি বলেন, “প্রায় ২,৫০০ কোটি টাকা শুধু মুর্শিদাবাদ জেলার জন্য বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে জেলার গঙ্গাভাঙন সমস্যার স্থায়ী সমাধানের পথে বড় পদক্ষেপ হবে।”
মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, প্রতি বছর গঙ্গার ভাঙনে বহু পরিবার ঘরবাড়ি ও জমি হারায়। বিশেষ করে সামশেরগঞ্জ, ভগবানগোলা ও লালগোলা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে গঙ্গাভাঙনের কারণে বসতভিটা হারানোর আশঙ্কা অনেকটাই কমবে।