• টিকিট পাননি প্রিয় নেতা, ১২ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ সমর্থকদের, পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র দাতিয়া
    এই সময় | ১১ জুলাই ২০২৬
  • রণক্ষেত্রের চেহারা নিল মধ্যপ্রদেশের দাতিয়া। সামনেই উপনির্বাচন। কিন্তু টিকিট পাননি বিজেপি নেতা ও দাতিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নরোত্তম মিশ্র। তাই রাগে-দুঃখে জাতীয় সড়ক অবরোধ করলেন তাঁর অনুগামী ও সমর্থকরা। প্রায় ১২ ঘণ্টা ধরে চলা অবরোধে অচল হয়ে পড়ল রাজ্যের বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, অনুরোধ-উপরোধে অবরোধ না ওঠায় অবরোধকারীদের উপরে শেষ পর্যন্ত লাঠি চালায় পুলিশ। পাল্টা ইট ছোড়ে বিক্ষোভকারী বিজেপি সমর্থকরাও। দু’পক্ষেরই একাধিক ব্যক্তি আহত হয়েচছেন।

    দাতিয়া উপনির্বাচনের নেপথ্যে রয়েছে আদালতের রায়। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কংগ্রেস বিধায়ক আশুতোষ মিশ্রের তিন বছরের কারাবাস হয়েছে। খারিজ হয়ে গিয়েছে তাঁর বিধায়ক পদ। সেই কারণেই আগামী ৩০ জুলাই ওই কেন্দ্রে উপনির্বাচন। তবে তিন বারের বিধায়ক ও মধ্যপ্রদেশের প্রাক্তন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে প্রার্থী না করে বিজেপি এ বার ভরসা রেখেছে যুবনেতা আশুতোষ তিওয়ারির উপর। এতেই ক্ষুব্ধ নরোত্তমের সমর্থকরা।

    নরোত্তম প্রার্থী না হলে জেলা বিজেপি সভাপতি রঘুবীর সিং কুশওয়াহর নেতৃত্বে জেলা সংগঠনের প্রায় সমস্ত নেতা একযোগে দলীয় পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন। দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে লেখা চিঠিতে রঘুবীর জানিয়েছেন, জেলা স্তরের পদাধিকারী, বুথ সভাপতি এবং পুরসভার কাউন্সিলার-সহ বহু নেতা প্রতিবাদে দলীয় পদ ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘এই সময়ের মধ্যে যদি নরোত্তম মিশ্রকে দাতিয়া কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা না করে তা হলে সবাই একযোগে দলও ছেড়ে দেব।’

    এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুক্রবার রাতে দাতিয়ার জেলা বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। চলে দেদার ভাঙচুর। সেখান থেকে তাঁরা যান জাতীয় সড়কে। ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে পড়েন প্রায় তিন হাজার কর্মী-সমর্থক। প্রায় ১২ ঘণ্টার অবরোধে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। প্রশাসনের বারবার অনুরোধেও বিক্ষোভকারীরা রাস্তা না ছাড়ায় পুলিশ লাঠিচার্জ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

    বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লাঠিচার্জের জেরে জখম হয়েছেন বেশ কয়েক জন বিজেপি কর্মীও। পুলিশ সুপার ময়ূর খাণ্ডেলওয়াল বলেন, ‘প্রায় ৩ হাজার মানুষের অবরোধে গোটা এলাকার স্বাভাবিক জনজীবন মারাত্মক ভাবে ব্যাহত হয়েছিল।’ গোয়ালিয়ার-ঝাঁসি জাতীয় সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় একাধিক বড় বাজার।

    মধ্যপ্রদেশ বিজেপির অন্যতম শক্তিশালী মুখ নরোত্তম মিশ্র। শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। শিবরাজের পরে তিনিই মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে বলে এক সময়ে চর্চাও চলত মধ্যপ্রদেশের রাজনীতিতে। কিন্তু ২০২৩-এর বিধানসভা নির্বাচনে দাতিয়া কেন্দ্রে তাঁর পরাজয়ের পর সব সমীকরণ বদলে যায়। সেই সময়েও দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এবং অন্তর্ঘাতের অভিযোগ সামনে এসেছিল।

  • Link to this news (এই সময়)