UCC: খসড়া বিল খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
আজকাল | ১১ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়া
পশ্চিমবঙ্গ সরকার ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ শীর্ষক খসড়া বিল পরীক্ষা ও পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। শুক্রবার বিচার দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের নীতিনির্দেশক তত্ত্বের ৪৪ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের লক্ষ্যে রাজ্য সরকার একটি খসড়া বিল তৈরি করেছে। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও উইল সংক্রান্ত ব্যক্তিগত দেওয়ানি বিষয়ে একটি সামগ্রিক আইনি কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ।
বিষয়টির ব্যাপকতা ও সুদূরপ্রসারী প্রভাব বিবেচনা করে খসড়া বিলটির বিস্তারিত পরীক্ষা ও পর্যালোচনার জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ২ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি অবিলম্বে কার্যকর হয়েছে।