• বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম! কী থাকছে, কারা পাচ্ছেন, না পেলে কী করণীয়?
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৬
  • আয়ুষ্মান ভারত। সরকারি স্বাস্থ্যবিমা। ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে সরকার। স্বাস্থ্যসাথীর বদলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার। সাড়ে ছয় কোটি রাজ্যবাসীকে সেই কার্ড দেওয়া হবে। সেই লক্ষ্যেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। কী থাকছে সেই ফর্মে, কীসের ভিত্তিতে দেওয়া হচ্ছে ফর্ম। সবাই কী পাচ্ছেন? যাঁরা পাবেন না তাঁদের কী করতে হবে?

    আয়ুষ্মান ভারতের জন্য যাঁরা যোগ্য তাঁদের বাড়িতে পৌঁছছে ফর্ম। পরিবারের সদস্যদের নামে ফর্ম যাচ্ছে। আগে থেকেই কিছু তথ্য পূরণ থাকছে। অনেকটা এসআইআরের এনুমারেশনের ফর্মের মতন। কিছু জায়গা ফাঁকা থাকছে। সেই তথ্য পূরণ করে জমা দিতে হবে। আশাকর্মীদের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। অথবা এলাকার বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা হলে সুরাহা মিলতে পারে।

    কী থাকছে ফর্মে? আবেদনকারী নাম, আধার নম্বর, রেশনকার্ড নম্বর। মোবাইল নম্বর, জন্মের তারিখ এই তথ্য আগে থেকেই পূরণ থাকছে। ঠিকানা লেখা না থাকলে তা পূরণ করতে হবে। পরিবারে মোট সদস্য সংখ্যা, প্যান নম্বর দিতে হবে। ভোটার কার্ডের তথ্য। বার্ষিক আয়, আয়কর দিতে হয় কিনা এই তথ্যগুলিও দিতে হবে। ফর্মে তিনটি রেশন কার্ডের অপশন থাকছে। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY),বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH), অগ্রাধিকার পরিবার (PHH)। জানা যাচ্ছে, যাদের এই রেশন কার্ড রয়েছে তাঁদের কাছেই ফর্ম যাচ্ছে। তবে রাজ্যের ৭০ ঊর্ধ্ব নাগরিকরা সকলেই এই কার্ডে আবেদন করতে পারবেন। তাঁরা যোগ্য আবেদনকারী। এক্ষেত্রে আবেদনকারী অর্থনৈতিক অবস্থা দেখা হবে না বলেই জানা গিয়েছে।

    যাঁরা এই ফর্ম পাবেন না, তাঁদের কী হবে? সবার প্রথমে পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে তাঁদের কী হবে? শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগরে জানিয়েছেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে থাকবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ টাকার বিমা পাবেন। তবে কীভাবে সেই আবেদন করতে হবে, তার শর্ত আছে কি না, থাকলে কী? কবে থেকে আবেদন শুরু? এই সব জানা যায়নি। সরকারি সূত্রের খবর দ্রুত সবিস্তারে সব কিছু জানানো হবে।
  • Link to this news (প্রতিদিন)