• 'হে প্রিয়তমা আমি তো তোমায় বিদায় কখনও দেবো না...!' স্ত্রীকে বাঁচাতে আপ্রাণ লড়াই টোটোচালকের
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • বয়স মাত্র ছাব্বিশ। এই বয়সেই নিভে যেতে বসেছে জীবনের আলো। দু’টি কিডনিই বিকল হয়ে শয্যাশায়ী স্ত্রী। তাঁকে বাঁচাতে দিনরাত এক করে টোটো চালাচ্ছেন স্বামী। কিন্তু চিকিৎসার বিপুল খরচ জোগাড় করতে গিয়ে কার্যত অথৈ জলে পড়েছেন ওই যুবক। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার সালমার এলাকায় এমনই এক কঠিন জীবনযুদ্ধের সাক্ষী থাকছেন স্থানীয় বাসিন্দারা। অর্থাভাবে স্ত্রীর চিকিৎসা যাতে মাঝপথে থেমে না যায়, তার জন্য সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের কাতর আরজি জানিয়েছে অসহায় পরিবারটি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে সালমার এলাকার বাসিন্দা প্রিয়া মণ্ডল দাসের সঙ্গে বিয়ে হয় নিরঞ্জন দাসের। পেশায় টোটো চালক নিরঞ্জনের সামান্য আয়ে অভাব থাকলেও সুখের অভাব ছিল না ওই একচালা ছিটে-বেড়ার সংসারে। কিন্তু আচমকাই সেই সুখে ছেদ পড়ে। হঠাৎ তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রিয়া। চিকিৎসকদের বিস্তারিত পরীক্ষার পর জানা যায়, তরুণীর দু’টি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে। গত প্রায় দু’বছর ধরে তমলুকের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ইতিমধ্যেই সেখানে ৫০ থেকে ৫৫ বার ডায়ালিসিস করাতে হয়েছে প্রিয়াকে।

    চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রিয়াকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। দিন আনা দিন খাওয়া একটি দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কার্যত অসম্ভব। স্ত্রীকে সুস্থ করে তোলার মরিয়া তাগিদে নিজের বাড়ি ছেড়ে বর্তমানে শ্বশুরবাড়িতেই থাকছেন নিরঞ্জন। একদিকে অসুস্থ স্ত্রীর সার্বক্ষণিক দেখভাল, অন্যদিকে রাস্তায় টোটো চালিয়ে উপার্জনের চেষ্টা, সব মিলিয়ে চরম অসহায়তার মধ্যে দিন কাটছে তাঁর।

    মেয়ের এই মর্মান্তিক পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন প্রিয়ার মা-ও। তিনি বলেন, “আমাদের এমন কোনও সামর্থ্য নেই যে এত টাকা খরচ করে মেয়ের চিকিৎসা করাই। সমাজের মানুষ যদি একটু সাহায্য করেন, তবে হয়তো আমার মেয়েটা নতুন করে বাঁচার সুযোগ পাবে।” ভালবাসার মানুষকে আঁকড়ে ধরে বাঁচার যে আপ্রাণ লড়াই নিরঞ্জন চালিয়ে যাচ্ছেন, তা এখন নির্ভর করছে সাধারণ মানুষের আর্থিক সাহায্যের উপর। এখন দেখার, তরুণীর প্রাণ বাঁচাতে কতটা মানবিকতার হাত বাড়িয়ে দেয় সমাজ।
  • Link to this news (News18 বাংলা)