• রাস্তার ধারে না, খাল পাড়ে...ভারতের ম্যাপের ঠিক কোথায় আপনার বাড়ি? জনগণনায় এবার জিও-ট্যাগিং
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • দীর্ঘ দেড় দশক পর সারা দেশজুড়ে শুরু হয়েছে জনগণনা। ২০২৬-এর এই জনগণনা সম্পূর্ণটাই ডিজিটালই হচ্ছে। এই জনগণনা ভারতবর্ষের অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই জনগণনা ভবিষ্যৎ ভারতের রূপরেখা বা ভিত্তি স্থাপন করবে। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জনগণনার প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা এই জনগণনা প্রস্তুতিতে নেমে পড়ল প্রশাসন। কাগজ-কলমের বদলে এবার প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ, সঙ্গে জিও-ট্যাগিং ও সূক্ষ্ম ম্যাপিং— সব মিলিয়ে নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে জেলা পরিষদ ভবনে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    একেবারে নতুন এই জনগণনার নিয়মকানুন ঝালিয়ে নিতে পরীক্ষামূলক বাড়ি বাড়ি গিয়ে প্রশিক্ষণরত কর্মীরা জনগণনার কাজ করলেন। নিমতৌড়ির গণপতিনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হাতে-কলমে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মহড়াও দেন আধিকারিকেরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের জনগণনায় সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি পরিবারের বাড়ির পরিকাঠামো, আধুনিক জীবনযাত্রা এবং নাগরিক সুবিধা-সহ মোট ৩৩টি বিষয়ে তথ্য নথিভুক্ত করা হবে। তথ্য সংগ্রহের প্রতিটি ধাপ প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনও তথ্য বাদ না পড়ে বা ভুল না থাকে।

    এ বিষয়ে রাজ্য থেকে আসা প্রধান প্রশিক্ষক রুদ্র সেন জানান, ‘‘নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে প্রতিটি বাড়ির জিও-ট্যাগিং করা হচ্ছে। অত্যন্ত সূক্ষ্ম স্তরের ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে প্রতিটি বাড়িকে আলাদা ভাবে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হবে। এর ফলে ভবিষ্যতে তথ্য যাচাই এবং প্রশাসনিক পরিকল্পনা আরও সহজ হবে।’’ জেলার ওসি সেন্সাস শুভজিৎ কুণ্ডু জানান, ‘‘আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ চাইলে নির্দিষ্ট পোর্টালে নিজেরাই প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রগণকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করবেন। এলাকার প্রতিটি রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল বাড়ি এই জনগণনায় ম্যাপিংয়ে আসবে।’’

    প্রাথমিক পর্যায়ে ব্লক ও মিউনিসিপ্যালিটি অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপর এই প্রশিক্ষণরত কর্মীরা ব্লক ও মিউনিসিপ্যালিটি অফিসের অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের সময় সাধারণ মানুষের সহযোগিতা ইতিবাচক।
  • Link to this news (News18 বাংলা)