বিজেপি করার অপরাধে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
এলাকায় বিজেপি করার ‘অপরাধে’ বিজেপি কর্মীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র এলাকায়। অভিযোগ উঠেছে তৃণমূলের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌশি বেগমের অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ, নির্বাচনের আগে থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি জমি কিনেছিলেন বিজেপি কর্মী সাবিনা বিবি। তারপর থেকেই এলাকার তৃণমূল কর্মীরা ৭৫,০০০ টাকা দাবি করলে সেই টাকা দিতে অস্বীকার করেন সাবিনা বিবি। নির্বাচনের ফল বেরোনোর পরও লাগাতার চলছিল হুমকি। তারপর গতকাল নিজের বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে মাঠের মধ্যে খুঁটির সাথে বেঁধে মারধর করা হয় সাবিনা বিবিকে। সেই সঙ্গে মারধর করা হয় তার দশ বছরের মেয়েকেও। ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় মাথার চুল। থানায় অভিযোগ জানিয়েছেন গোটা ঘটনার।
প্রসঙ্গত, অন্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ, শুরু থেকেই এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বারুইপুরে ঘটনায় সুবিচারের আশ্বাস দেওয়ার মাঝেই ফের কামদুণি কাণ্ড নিয়েও বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী৷ নির্যাতিতার পরিবারকে সরকারি আইনজীবী দিয়ে সহায়তা করা হবে, জানালেন তিনি৷
কামদুনির বিচার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কামদুনির নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে গিয়েছিল৷ নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহায়তা করবে৷ এবার বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে৷ কারণ আদালতের ব্যাপারে আমি কিছু বলতে পারি না৷ বারাসাত আদালতের রায়কে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার বিরোধিতা করেছিল৷ কিন্তু এবার আর রাজ্য বিরোধিতা করবে না৷’’