লড়াই সফল! এইডস-এইচআইভি রুখে গোটা রাজ্যের কাছে মডেল হয়ে উঠল বাঁকুড়া, মিলল বিশেষ পুরস্কার
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
: জনস্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচি অর্থাৎ NACO এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতি (WBSAP&CS) এর পক্ষ থেকে ‘সুরক্ষিত জেলা (Surakshit District)’ সম্মানে ভূষিত হয়েছে বাঁকুড়া স্বাস্থ্যজেলা। এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং জেলার এইচআইভি/এইডস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, পরীক্ষা, চিকিৎসা এবং জনস্বাস্থ্য ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নেরই প্রতিফলন বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
এই সম্মান অর্জনের পিছনে রয়েছে জেলার চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি কর্মী, কাউন্সেলর, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীদার সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে সচেতনতা শিবির, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ পরিষেবা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে নিরলস কাজ হয়েছে, তারই স্বীকৃতি হিসেবে এই সম্মান এসেছে। স্বাস্থ্যকর্মীদের মতে, জনসচেতনতা এবং সময়মতো চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই এই সাফল্যের অন্যতম চাবিকাঠি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বাঁকুড়া স্বাস্থ্যজেলার পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেন ডাঃ তন্ময় কুমার ঘোষ, ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-IV (ইনচার্জ)। তাঁর হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি কে. রাধিকা আইয়ার, যিনি একসময় বাঁকুড়ার জেলাশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এই মুহূর্তটি জেলার স্বাস্থ্য প্রশাসনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
জেলা স্বাস্থ্য প্রশাসনের মতে, এই সম্মান ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও উন্নত জনস্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এইচআইভি বা এইডস প্রতিরোধের পাশাপাশি নিরাপদ জীবনযাপন, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী দিনেও একইভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বাঁকুড়া স্বাস্থ্যজেলা। স্বাস্থ্য দফতরের আশা, সকলের সম্মিলিত উদ্যোগে বাঁকুড়া আগামী দিনেও একটি সুস্থ, সচেতন ও নিরাপদ জেলার মর্যাদা বজায় রাখতে সক্ষম হবে।