• শুভেন্দুকে মানবিক সাহায্যের জন্য ধন্যবাদ রুদ্রনীলের
    আজকাল | ১২ জুলাই ২০২৬
  • বিগত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছিল রুদ্রনীল ঘোষ হাওড়ার শিবপুর বিধানসভার বিভিন্ন জলমগ্ন জায়গা ঘুরে দেখছেন। নিজেই জমা জলে নেমে সেটা পরিষ্কার করছেন। এবার রাজ্য সরকারের তরফে এই জলমগ্ন এলাকার জন্য সাহায্য পাঠানো হল। আর সেই খবর ভাগ করে নিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। 

    এদিন ফেসবুকের পাতায় একাধিক ছবি পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। জানান তাঁর বিধানসভা এলাকার যাঁরা এই জমা জলের কারণে সমস্যায় রয়েছেন তাঁদের জন্য ২০০০ ত্রিপল এসেছে। এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। লেখেন, 'ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার। শিবপুর বিধানসভার জন্য এলো ২০০০ ত্রিপল। এই বর্ষায় দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যের জন্য। ধন্যবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।'

    তিনি এদিন আরও লেখেন, 'সঠিক তথ্য অনুযায়ী অতি দ্রুত যোগ্য মানুষের কাছে তুলে দেওয়া হবে এই সাহায্য। ধন্যবাদ শিবপুর কার্যকর্তা ভাইদের।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

    প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রুদ্রনীল ঘোষ কর্মীদের নিয়ে নিজেই মাঠে নেমে পড়েন। কখনও নর্দমায় জমা পাঁক নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করান, তো কখনও জমা জঞ্জাল। এছাড়া জলমগ্ন জায়গায় পাম্প বসিয়ে সেই জল নিকাশির ব্যবস্থা পর্যন্ত করেন। ঘুরে ঘুরে কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। এরপর এদিন রাজ্য সরকারের তরফে সাহায্য এল বর্ষার জমা জলে সমস্যায় পড়া গরিব, দুঃস্থদের জন্য।

    কেবল শিবপুরের বাসিন্দাদের জন্য নয়, রুদ্রনীল ঘোষ নিরলস ভাবে টলিউডের জন্যও কাজ করে চলেছেন। সম্প্রতি তাঁর উপস্থিতিতে তৈরি হয়েছে পারফর্মারস অফ বেঙ্গল। বাংলার শিল্পীদের জন্য এই সংগঠন তৈরি হয়েছে। 
  • Link to this news (আজকাল)