• পার্ক স্ট্রিটে বৃদ্ধার সঙ্গে কী ভয়াবহ ঘটনা!
    আজকাল | ১২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ফের ভয়াবহ ঘটনা। পার্ক স্ট্রিটে বৃদ্ধাকে অজ্ঞান করে কোটি টাকার গয়না চুরি। শেষমেশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হিরে ও রুপোর সামগ্রী। 

    দিন কয়েক আগেই কলকাতার পার্ক স্ট্রিট থানা এলাকার এক বৃদ্ধার থেকে গয়না চুরির ঘটনা ঘটে। গত ৫ জুলাই অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

    উদ্ধার হয়েছে ওই বৃদ্ধার হিরের দুল, সোনার গয়না, এবং একাধিক রুপোর সামগ্রী। পুলিশ সূত্রে খবর ঘটনার সঙ্গে জড়িত আরও এক অভিযুক্ত এখনও পলাতক।

    পুলিশ সূত্রে খবর, গৃহপরিচারিকা পুতুল বর্মা ওরফে নমিতা রাউত পরিবারের আস্থা অর্জন করে বৃদ্ধাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ান এবং গয়নাগুলি চুরি করেন। বাকি অপরাধীদের সঙ্গে সহযোগে কাজ করেন ওই পরিচারিকা। এই ঘটনায় প্রথম গ্রেপ্তার করা হয় সুস্মিতা সর্দার এবং সোহেল রাফিকে। তাঁরা বর্তমানে ১২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছেন। 

    এরপর ৯ জুলাই উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত পুতুল বর্মা ওরফে নমিতা রাউতকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় এক জোড়া হিরের দুল। একই দিনে গ্রেপ্তার করা হয় চন্দন কুমার শাও নামে আরও এক ব্যক্তিকে। এই চন্দন কুমার জেরায় জানিয়েছেন, চুরি হওয়া হিরের বালা পাপ্পু কুমার বর্মার কাছে বিক্রি করেছিলেন তিনি। বালা থেকে হিরেগুলি খুলে আলাদা করে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেছেন। এরপর ভাটপাড়ার পাপ্পু কুমার বর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১৭টি ছোট আকারের হিরে সদৃশ পাথর উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্ত পাপ্পু কুমার বর্মা এখনও পলাতক।
  • Link to this news (আজকাল)