সাপের ছোবল খেয়ে পাল্টা সেই সাপকেই কামড়, হাতে নিয়ে হাজির হাসপাতালে! কেমন আছে যুবক?
News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
গোপাল সূত্রধর, মালদহ: সাপের ছোবল খেয়ে পাল্টা সেই সাপকেই কামড়ে মেরে হাতে দোলাতে দোলাতে হাসপাতালে পৌঁছল যুবক। অবিশ্বাস্য এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল (যদিও সত্যতা যাচাই করেন নিউজ -18 বাংলা) হতেই হতবাক এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকার। জানা গিয়েছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মোমিন নামে এক যুবক এদিন তার বাড়ির কাছেই কাজ করছিলেন।
ঠিক সেই সময়েই হঠাৎ করেই এক বিশাল দৈর্ঘ্যের সাপ তার পায়ে ছোবল বসায়। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। এরপর এখানেই না থেমে গিয়ে সেই সাপ হাতে নিয়েই বাঙ্গীটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। যন্ত্রণায় ছটফট করতে থাকে সাপটিও। রাস্তায় এমন কাণ্ড দেখে পথ চলতি অনেকেই থমকে দাঁড়ান, অনেকেই ভয়ে দৌড়তে থাকেন।
এরপর সাপ হাতে নিয়েই হাসপাতালে পৌঁছন ওই ব্যক্তি। বাঙ্গীটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে যে সাপটি ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। সেই সাপের ছোবল খেয়ে বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সাপটির পরে কী হয়েছে তা অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, দাঁড়াস সাপ সম্পূর্ণ নির্বিষ সাপ, তবে সাপে কামড়ালে সাধারণত চিকিৎসকরা সাপ না ধরে নিয়ে আসার পরামর্শ দেন। তবে সাপে কামড়ালে সময় নষ্ট না করে সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছনো উচিত।