• তারাপীঠ মন্দিরের কোটি কোটি টাকার প্রণামী নিয়ে বিরাট সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে এই কাজ
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি তারাপীঠ। প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক তারাপীঠে মা তারার মন্দির দর্শনের জন্য ছুটে আসেন। আর সেই সমস্ত পর্যটকেরা মন্দির সংস্কারের জন্য প্রণামী দিয়ে সহায়তা করেন। আর তারাপীঠ মন্দিরের প্রণামী ও অনুদানের টাকা নিয়ে এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরে জমা পড়া অনুদান ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। মূলত আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

    প্রসঙ্গত প্রায় দেড় বছর পর মন্দির কমিটির নির্দিষ্ট অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা জমা করা হয় বলে মন্দির সূত্রে খবর। এর আগে জীবিতকুণ্ড সংস্কারের নামে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি। সেই খরচ নিয়েও প্রশাসনিক স্তরে নজরদারি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ কমিটি গঠন করে ঘটনার তদন্ত চলছে। সম্প্রতি পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির দাবি, দায়িত্বভার নেওয়ার পর থেকেই মন্দিরের আয়-ব্যয়ের হিসাব নিয়ম মেনে রাখার উপর জোর দেওয়া হচ্ছে।

    ব্যক্তিগতভাবে টাকা গচ্ছিত রাখার প্রথার বিরোধিতা করা হয়েছে বলেও জানানো হয়েছে। রাজ্যে পালাবদলের পর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বৈঠকে মন্দিরের আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়। এরপর অতিরিক্ত জেলাশাসক মন্দিরের অনুদানের টাকা ব্যাঙ্কে জমা করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। সেই নির্দেশের পরই আড়াই কোটি টাকা মন্দির কমিটির অ্যাকাউন্টে জমা করা হয় কয়েকদিন আগে। প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত বামাপদ মুখোপাধ্যায়ের দাবি, তিনি প্রথম থেকেই টাকা অ্যাকাউন্টে রাখতে চেয়েছিলেন। তবে মন্দির কমিটির নামে একাধিক অ্যাকাউন্ট ও আলাদা অপারেটর থাকায় জটিলতা তৈরি হয়েছিল।

    সমস্ত পাশবই তাঁর হাতে না থাকায় কিছু টাকা গচ্ছিত ছিল বলেও তাঁর বক্তব্য। পাশাপাশি মন্দির কমিটির নতুন সম্পাদক জানিয়েছেন, মা তারার বেদি কিছুটা নিচে নামানোর পরিকল্পনাও রয়েছে, যাতে বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের মুখ দর্শন করতে পারেন। তবে এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আইআইটির মতামতের অপেক্ষা করা হচ্ছে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারাপীঠ মন্দির থেকে যে পরিমাণ টাকা উপার্জন হয় সেই টাকা ২৪ ঘণ্টার মধ্যে মন্দির কমিটির নির্দিষ্ট অ্যাকাউন্ট এ জমা করতে হবে।
  • Link to this news (News18 বাংলা)