• 'যেখানেই যাচ্ছি ব্যর্থ...', মেয়ের খোঁজে তারাপীঠ মন্দির, শ্মশানে উদ্ভ্রান্ত বাবা, কোথায় অমৃতা?
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • “আর আমি কোথায় খুঁজব, কী করব, যেখানেই যাচ্ছি ব্যর্থ হচ্ছি বারবার, আমি আর পারছি না, ওর মায়ের ক্ষেপে যাওয়ার মতো অবস্থা, ধীরে ধীরে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে”, এই কয়েকটা কথা বলতে বলতে কেঁদে ফেললেন অর্ধেন্দু সিংহ। বহু কষ্ট করে আর্থিক অনটনের মাঝেও মেয়েকে ভাল স্কুলে, ভাল কলেজ পড়াশোনা করিয়েছিলেন। তবে হঠাৎ একদিন বাবা ও মায়ের জীবনে নেমে আসে চরম অন্ধকার।

    বাড়ির একমাত্র মেয়ে অমৃতা সিংহ চলতি বছর ১৩ মার্চ বেরিয়ে পড়েন বাড়ি থেকে। তারপর আর কোনও খোঁজ নেই। শেষ একবার সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল অমৃতাকে। সিউড়ি রাজগ্রাম বাসে চেপে বেরিয়ে যেতে। শেষ সেই সিসিটিভি ক্যামেরার ছবি সম্বল অর্ধেন্দু সিংহের। মেয়ের খোঁজে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে বীরভূম ঝাড়খণ্ড-সহ আসানসোল, কলকাতা সব জায়গায় ঘুরে এসেছেন তিনি, তবে বিন্দুমাত্র সন্ধান পাওয়া যায়নি।

    অবশেষে তিনি এসে পৌঁছন বীরভূম জেলার তারাপীঠে। সেখানে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক তথা বিজেপি নেতা পুলক চট্টোপাধ্যায়, তাঁকে নিজের হোটেলে আশ্রয় দেন। সেখানে থেকেই তারাপীঠের আশেপাশের বিভিন্ন গ্রাম, মহাশ্মশান সব জায়গায় মেয়ের খোঁজ চালিয়েছেন। তবে আবার নিরাশ হয়ে সিউড়ি শহরের ভুবনডাঙ্গায় নিজের বাড়ি ফিরেছেন।

    অর্ধেন্দু সিংহ জানান “আমি ভেবেছিলাম আমার মেয়ে সিউড়ি থেকে হয়তো তারাপীঠ এসেছে, নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে চাইত আমার মেয়ে। তবে কোথাও কোনও কাজের সন্ধান না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিল মেয়ে, শেষের দিকে মাথায় একটু সমস্যা হয়ে গিয়েছিল মেয়ের, তাই ভেবেছিলাম মেয়ে হয়তো তারাপীঠ মন্দির অথবা শ্মশানে থাকবে, সেই জন্য খোঁজ চালালাম, তবে কিছুই পেলাম না।”
  • Link to this news (News18 বাংলা)