• গাড়ি চললেই দুলছে বারাসাত রেল ওভারব্রিজ, ভয়ে হাত-পা কাঁপছে নিত্যযাত্রীদের
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • বিপজ্জনক অবস্থায় বারাসাত রেল ওভারব্রিজ, গাড়ি চলাচলের সময় দুলছে সেতু! আতঙ্কে নিত্যযাত্রীরা। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজের বেহাল দশা ঘিরে এমনই চরম উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গাড়ি চলাচলের সময় ব্রিজ দুলছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ব্রিজের দুটি অংশের সংযোগস্থলে ফাঁক তৈরি হওয়ায় ওপর থেকেই নিচের রাস্তা দেখা যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

    বিষয়টি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে নিত্যযাত্রী, পথচারী এবং যানবাহন চালকদের মধ্যে। চাঁপাডালি মোড়ের তিতুমীর বাসস্ট্যান্ড থেকে কলোনি মোড়ের সংযোগকারী এই রেল ওভারব্রিজ প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য ছোট-বড় যানবাহনের একমাত্র ভরসা। অথচ সেই ব্রিজের সংযোগস্থলেই এখন দেখা দিয়েছে বিপজ্জনক পরিস্থিতি। গাড়ি চলাচলের সময় ব্রিজের একটি অংশ উঁচু এবং অন্য অংশ নিচু হয়ে থাকায় প্রতিটি যানবাহন প্রবল ঝাঁকুনি খেয়ে পারাপার করছে বলে অভিযোগ।

    স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, বড় কোনও দুর্ঘটনা ঘটার পরই কি প্রশাসনের হুঁশ ফিরবে! তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ব্রিজটি বন্ধ রেখে সংস্কারের কাজ করা হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে যান চলাচল শুরু হলেও অল্পদিনের মধ্যেই ফের এমন বেহাল চিত্র সামনে আসায় সংস্কারের মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার খবর পেয়ে এদিন ব্রিজ পরিদর্শনে আসেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। তিনি জানান, ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু করা হবে।

    ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী ইঞ্জিনিয়ার জানান, ব্রিজের কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজ দ্রুত সম্পূর্ণ করা হবে। তাঁর দাবি, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং বিষয়টি প্রযুক্তিগতভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত নন সাধারণ মানুষ। ফলে প্রতিদিনের হাজার হাজার যানবাহন চলাচলকারী এই গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার, কবে বাস্তবে মেরামতির কাজ শেষ হয় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বারাসাতবাসী।
  • Link to this news (News18 বাংলা)