উড়ালপুলের হ্যাটট্রিক! কলকাতা-শিলিগুড়ি সফর হবে আরও দ্রুত, ৩ জনবহুল এলাকায় বড় পদক্ষেপ
News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
: এবার আরও কম সময়ে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে কলকাতা। নিউ ফারাক্কা ব্রিজের পর এবারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ। ফারাক্কা-রায়গঞ্জ ১২ নম্বর জাতীয় সড়কে তৈরি হবে তিনটি উড়ালপুল। মালদহের কালিয়াচক, সুজাপুর এবং উত্তর দিনাজপুরের ইটাহার এই তিন এলাকায় জাতীয় সড়কের উপর নির্মাণ করা হবে নতুন উড়ালপুল। এই তিন জনবহুল এলাকায় যান চলাচল সহজ ও দ্রুত করতে এমন উদ্যোগ বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন মালদহের সুজাপুরে হাতিমারি মাঠ সংলগ্ন এলাকায় উড়ালপুল নির্মাণের প্রস্তাবিত এলাকায় মাটি পরীক্ষা এবং জরিপ করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সার্ভে কনসালট্যান্ট বিকাশ কুলি বিশ্বাস জানান, “উড়ালপুর নির্মাণের জন্য কালিয়াচক, সুজাপুর এবং ইটাহার তিনটি প্রস্তাবিত এলাকায় মাটি পরীক্ষা এবং জরিপ চালানো হচ্ছে। মাঠে মাটির পরীক্ষা ও জরিপের কাজ সম্পন্ন হলে রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। সেই রিপোর্ট অনুযায়ী নির্দেশ এবং টেন্ডার আসলে কাজ শুরু হবে। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যে কাজ চালু হবে।”
এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার বলেন, “যানজট এবং দুর্ঘটনা ঠেকাতে এই উড়ালপুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয় উড়ালপুল নির্মাণ হলে ট্র্যাফিক জ্যামে আটকে থাকার সমস্যা থাকবে না। অর্ধেক সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে যানবাহন।”
সরকারের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। কালিয়াচক এলাকার এক বাসিন্দা দীপঙ্কর মণ্ডল বলেন, “প্রতিদিন কলকাতা-শিলিগুড়ি রুটের হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। কালিয়াচকে উড়ালপুল হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। যেকোনও কাজের ক্ষেত্রে দ্রুত পৌঁছন যাবে মালদহ শহর থেকে ফারাক্কায়।”
উল্লেখ্য, জনবহুল কালিয়াচক চৌরঙ্গী এলাকায় নিত্যদিন যানজটের সম্মুখীন হতে হয় যাত্রী ও জরুরী পরিষেবার গাড়িকে। এছাড়াও টোটো এবং বিভিন্ন ছোট বড় গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে যানজটের সৃষ্টি হয়। এই উড়ালপুল নির্মাণের হলে যানজট থেকে মুক্তি মিলবে মালদহবাসীকে। এখন দেখার রিপোর্ট পাঠানোর পর কতদিনে কাজ শুরু হয়।