অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকল কি? দেখতে গিয়ে চমকে গেল পিলে..ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে ৭৪০ কোটি
News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
একই দিনে তিন তিনটে ঘটনা৷ একটা ফাঁসিদেওয়ায়, বাকি দু’টো জলপাইগুঁড়ি ও কোচবিহারে৷ কেউ তুলতে গিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা তো কেউ স্কলাপশিপের৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়৷ একী! অ্যাকাউন্টে পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকা! কী করে হল? কোথা থেকে এল এত টাকা?
আসা যাক প্রথম ঘটনায়, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের মেহেরুন্নেসা। আজ, শনিবার অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গ্রামেরই এক বেসরকারি ব্যাঙ্কের শাখায় যান মহিলা। অ্যাকাউন্ট দেখেই তো দেখে ব্যাঙ্ক কর্মীর পিলে চমকে যাওয়ার জোগাড়! মেহেরুন্নেসার অ্যাকাউন্টে ঢুকেছে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা!
কীভাবে রাতারাতি অ্যাকাউন্টে এত টাকা এল তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউই। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় করে এলাকার মানুষেরা। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
এবার আসা যাক জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনায়৷ এখানকার এক গৃহবধূও খোঁজ নিতে গিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকেছে কিনা৷ অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, সেখানে রয়েছে সাতশো কোটিরও বেশি টাকা।
ময়নাগুড়ির সাপ্টিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেফালি রায় এদিন অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে ছিলেন। তখনই জানতে পারেন অ্যাকাউন্টে সাতশো কোটি টাকারও বেশি টাকা জমা হয়ে রয়েছে। কী করবেন ভেবে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছে পরিবার।
কোথা থেকে অ্যাকাউন্টে এসেছে এতগুলো টাকা? জানেন না কেউ৷ অনেকে মনে করছেন ভুল বসত ভুল অঙ্ক ‘টাইপ’ হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে৷ গোটা ঘটনার তদন্ত করছে সংশ্লিষ্ট থানার পুলিশ৷