• লাল ফিতের জট কাটাতে জমি নীতি বদল! শুভেন্দুর হাতে শুরু বাংলার শিল্পযুগ
    প্রতিদিন | ১২ জুলাই ২০২৬
  • বিনিয়োগে লাল ফিতের জট কাটাতে তৎপর বিজেপি সরকার। জমি নীতিতে বদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে বাংলায় শুরু শিল্পযুগ। মুখ্যমন্ত্রী জানান, ১০০ কোটির উপরে বিনিয়োগে মিলবে সরাসরি ছাড়পত্র। পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়। সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাড়পত্র দেবে রাজ্য সরকার। ডানকুনিতে লাক্সের কারখানা সম্প্রসারণ ও ৬০০ কোটির বিনিয়োগের অনুষ্ঠানে কড়া অবস্থানের কথা জানালেন শুভেন্দু।

    রাজ্যের বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হয়েছিল, জমিনীতি। সেই পলিসি পুরো বদলে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ডানকুনির অনুষ্ঠানে বলেন, “পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জেলা পরিষদ দুর্নীতি, দাদাগিরির জায়গা। ১০০ কোটির উপর বিনিয়োগে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে মিলবে জমি। ল্যান্ড সিলিং পলিসি পুরো বদলে দেব।”

    এ ছাড়াও তিনি এদিনের অনুষ্ঠান থেকে জানিয়েছেন, শিল্পের জন্য প্রয়োজন সুষ্ঠু আইন-শৃঙ্খলা। যা ঠিক করা রাজ্য সরকারের অন্যতম মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “দু’মাসের সরকারে অনেক পরিবর্তন আপনার দেখতে পাচ্ছেন।  মে মাসের পর কেউ টাকা চাইতে যাচ্ছে না। আইন-শৃঙ্খলা ঠিক রাখা আমাদের লক্ষ্য।” শিল্পের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে রাজ্য কোনও  আপোস করবে না বলে  জানিয়েছেন তিনি।

    এ ছাড়াও রাজ্য ত্রিমুখী কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়েছে। সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করবে সরকার। ব্যবসার জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে সহজ শর্তে লোন দেওয়া হবে জানিয়েছেন  শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। আন্তর্জাতিক শিল্পায়ন হবে। ডবল ইঞ্জিনের সুবিধা পাবেন। বেকারত্ব দূর করা আমার দায়িত্ব।”
  • Link to this news (প্রতিদিন)