• ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে দিল যুবক, অবাক কাণ্ড মালদায়
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • সাপের ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে মেরে সেই সাপ হাতে দোলাতে দোলাতে চার কিলোমিটার পথ হেঁটে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছলেন এক যুবক। শুক্রবারের এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হতেই (ভাইরাল ফুটেজের সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) চাঞ্চল্য মালদায়।

    ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার মানুটোলা এলাকায়। যদিও শুক্রবার রাতেই সর্প দংশনে আক্রান্ত যুবককেই মোথাবাড়ির বাঙিটোলা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজে। নির্দিষ্ট সময়ের মধ্যে সাপে কাটার প্রতিশেধক মেলায় আপাতত ওই যুবকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকেরা। যুবকের নাম ফারুক মোমিন (২৯)। তাঁর বাড়ি দুলালগঞ্জ এলাকায়। পেশায় তিনি দিনমজুর।

    জানা গিয়েছে, ঘটনার দিন মানুটোলা এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে শ্রমিকের কাজ করতে গিয়েই ডান পায়ে সাপের ছোবল খায় ফারুক। এরপর কোনও কিছু না ভেবেই ওই যুবক সেই সাপের মাথা চিপে ধরে পাল্টা কামড় দেয়। এরপর বাম হাতে সাপের মাথা চেপে সেটিকে দোলাতে দোলাতে বাঙিটোলা হাসপাতালের উদ্দেশে রওনা দেয় ফারুক। আর তার হাতে ৪ ফিটেরও বেশি লম্বা সাপ দেখেই কোনও টোটো তাকে যাত্রী হিসেবে নেয়নি বলে অভিযোগ।

    মালদার সর্প বিশেষজ্ঞদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে মনে করা হয়েছে ওই সাপটি বিষধর নয়। অযথাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

  • Link to this news (এই সময়)