• আইপিএস থেকে বিধায়ক, এবার জেলার বড় দায়িত্ব! ঋতব্রত শিবিরের মালদহ জেলা তৃণমূলের সভাপতি প্রসূন
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। এই পরিস্থিতিতে নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করেছে ঋতব্রত শিবির। সেই কমিটিতে মালদহ জেলা তৃণমূলের সভাপতি করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার ও চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।‍

    দীর্ঘদিন ধরে মালদহ জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তবে নতুন কমিটিতে তাঁর নাম নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ঘনিষ্ঠ হওয়ায় ঋতব্রত শিবিরের জেলা কমিটিতে তাঁকে রাখা হয়নি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কারণ জানানো হয়নি। অন্যদিকে, ঋতব্রত শিবিরের ঘোষিত রাজ্য কমিটিতে রাজ্য মহিলা নেত্রীর দায়িত্ব পেয়েছেন সুজাপুরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

    প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার, মালদহ রেঞ্জের ডিআইজি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে রায়গঞ্জ রেঞ্জের আইজিপি পদে থাকা অবস্থায় স্বেচ্ছাবসর নিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর মালদহ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চাঁচল কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন। নতুন রাজনৈতিক সমীকরণের মাঝে মালদহে সংগঠনকে কতটা শক্তিশালী করতে পারবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে সকলের নজর এখন তৃণমূলের প্রতীক কে পান, তার দিকে।
  • Link to this news (News18 বাংলা)