• কাশ্মীরে অপারেশন লোটাস? এনসি বিধায়কদের ৩০ কোটি টাকার টোপ বিজেপির, দাবি ওমরের
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • শ্রীনগর: ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কে ভাঙার চেষ্টা করছে বিজেপি। দলীয় বিধায়কদের ২০ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত টোপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগে সোচ্চার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। শ্রীনগরের হজরতবালে ‘মদর-এ-মেহরবান’ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তাঁর চ্যালেঞ্জ-‘এইভাবে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।’ তাঁর দাবি, এনসি বিধায়কদের শুধু টাকাই নয়, মন্ত্রী পদের টোপও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়। বিজেপিতে যোগ দিলে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর কথাও বলা হচ্ছে। ক্ষুব্ধ ওমরের গেরুয়া দলকে একহাত নিয়ে বলেছেন, ‘যখন আপনাদের দেখানো টাকার লোভ, মন্ত্রিত্বের টোপে কাজ করল না, তখন আমাদের বিধায়কদের বন্ধ ঘরে নিয়ে গিয়ে রাজ্যের মর্যাদার কথা বলছেন।’

    ওমরের দাবি, এনসি’র এক বিধায়ক বিজেপির এই প্রস্তাব সম্পর্কে তাঁকে জানান। এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এই দাবির পর প্রশ্ন উঠছে, তাহলে এবার কী জম্মু-কাশ্মীরেও অপারেশন লোটাস শুরু করেছে বিজেপি? এব্যাপারে ওমরের অভিযোগ, সুপ্রিম কোর্টের এক আইনজীবী তথা বিজেপি কর্মকর্তা তাঁর দলের এক বিধায়কের কাছে এমনই সব প্রস্তাব নিয়ে আসেন। কড়া ভাষায় বিজেপিকে নিশানা করে দলের সভায় বলেছেন, ওরা যেমন ভাবছে, তেমনটা কোনোভাবেই হবে না। আর এসব কাজের প্রতিফল বিজেপিকেও পেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ওমর। 
  • Link to this news (বর্তমান)