• ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য দ্বিগুণ করাই লক্ষ্য, সিদ্ধান্ত দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • অকল্যান্ড: আগামী ৪ বছরে ভারত ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৮ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৩৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে। শনিবার অকল্যান্ডে বৈঠক শেষে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিউয়ি প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। পাশাপাশি ১০টি চুক্তি নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সামুদ্রিক নিরাপত্তা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখার মতো বিষয়গুলিতেও যৌথভাবে কাজ করবে ভারত ও নিউজিল্যান্ড। আগামী ১৫ বছরে ভারতে ২০ বিলিয়ন মার্কিন ডলার লগ্নির ঘোষণা করেছে ওয়েলিংটন। 

    ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া সফর শেষে শুক্রবার নিউজিল্যান্ডে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে দুই দেশ। বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নত করার সিদ্ধান্তে নিয়েছি।’ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবাধ ও সমৃদ্ধশালী করার ক্ষেত্রে দুই দেশ অঙ্গীকারবদ্ধ। পারস্পরিক সার্বভৌমত্ব, অখণ্ডতা ও আন্তর্জাতিক ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হবে। সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতির কথাও ঘোষণা করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রেও একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে। স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের মতো একাধিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে ভারত ও নিউজিল্যান্ড।
  • Link to this news (বর্তমান)