চাকরি পেতে বাবাকেও খুন আয়ূষির! জয়পুর খুন কাণ্ডে দাবি মামার
বর্তমান | ১২ জুলাই ২০২৬
জয়পুর: সরকারি চাকরি এবং সম্পত্তি হাতানোর জন্য কি মায়ের আগে বাবাকেও খুন করেছিলেন ২৩ বছরের আয়ূষি? জয়পুরে নীরজ শর্মা খুন মামলায় এবার নতুন তত্ত্ব সামনে এল। এক বছর আগে মৃত্যু হয় নীরজের স্বামী বিজয় শর্মার। নীরজের ভাই তথা আয়ূষির মামা রাকেশ শর্মা অভিযোগ করেছেন, তাঁর ভগ্নীপতির মৃত্যু স্বাভাবিক নয়। বরং চাকরি এবং সম্পত্তি পেতে মায়ের মতোই বাবাকেও খুন করতে পারেন আয়ূষি। বিজয়ের মৃত্যুর পর তাঁর সরকারি চাকরি পেয়েছিলেন স্ত্রী নীরজ। সেই চাকরি পেতে ৭ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে আয়ূষি মাকে খুন করেছেন বলে অভিযোগ। সঙ্গী ছিল কাকা মোহন স্বরূপ ও তুতো ভাই বলরাম। পুরো বিষয়টিকে পথ দুর্ঘটনার মতো করে সাজানো হয়। কিন্তু পরে পুলিশের তদন্তে খুনের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। ইতিমধ্যেই আয়ূষিকে গ্রেপ্তার করা হয়েছে। রাকেশের দাবি খতিয়ে দেখছে পুলিশ।
রাকেশ জানিয়েছেন, আয়ূষির বাবা বিজয় রাজস্থান হাইকোর্টের কোর্ট মাস্টার হিসাবে কাজ করতেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও সেরে উঠছিলেন। কিন্তু আয়ূষি বাবার চিকিত্সা বন্ধ করে দেন। বলরামের সঙ্গে মিলে বাবাকে অজ্ঞাত জায়গায় রেখে দেন। তিন মাস বিজয়ের সন্ধানই পাওয়া যায়নি। পরে আয়ূষি পরিবারকে জানান, বাবাকে জয়পুরের হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে চিকিত্সকরা জানান, বিজয়ের শরীরের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত। গত বছরের এপ্রিলে মারা যান বিজয়। নীরজের ভাই আরও জানান, বাবার শেষকৃত্যের পরেই আয়ূষি বাবার চাকরি পেতে আবেদন করেন। কিন্তু নীরজকে ওই চাকরি দেওয়ায় মাকে সরিয়ে দেওয়ার ছক কষেন আয়ূষি। মায়ের সঙ্গে ঝগড়ার সময় বাবাকে খুনের কথা তিনি মুখ ফসকে বলে ফেলেছিলেন বলেও দাবি করেছেন রাকেশ।