ইআইআইএলএমের জলপাইগুড়ি ক্যাম্পাসে দেশ-বিদেশের আম, উৎসবে মাতল কলেজ
বর্তমান | ১২ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে দেশ-বিদেশের আমের মেলা। উৎসবে মাতলেন অতিথিদের পাশাপাশি পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। চেনা-অচেনা আমের সুবাসে ভরে উঠল কলেজ ক্যাম্পাস। শুধু স্বাদ পরখ করাই নয়, বিদেশি আমের বাহারে বুঁদ হয়ে বিধায়ক সহ তা কিনে নিয়ে গেলেন অনেকেই। শনিবার এই উৎসবের বাড়তি পাওনা ছিল পড়ুয়াদের হাতে তৈরি ম্যাঙ্গো মোমো, আমের পাপড়, আম-আইসক্রিম কিংবা আমের আচার।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস কো-অর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী বলেন, উৎসবের স্লোগান ছিল, আম চিনুন, আমের স্বাদে মেতে উঠুন। তাঁর দাবি, দেশ-বিদেশের ৫২ প্রজাতির আম ছিল উৎসবে। এর মধ্যে যেমন বিশ্বের অন্যতম মহার্ঘ আম মিয়াজাকি ছিল, তেমনই ছিল থাইল্যান্ডের জনপ্রিয় ভ্যারাইটি কিউজাই আম। থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেড আইভরি কিংবা গুজরাতের কেশর আম স্থান পেয়েছিল আমাদের ম্যাঙ্গো ফেস্টিভালে। এছাড়াও মালদহের নবাব কিষান, জি আই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি, হিমসাগর, লক্ষ্মণভোগ আম যেমন ছিল, তেমনই রাখা হয়েছিল দেশি ভ্যারাইটির আম ফুনিয়া, আরাজন্মা, বৃন্দাবনী, হুগলির চ্যাটার্জি কিংবা লখনউয়ের চৌসা আম।
আম চেনা, আম খাওয়ার পাশাপাশি দিনভর ছিল আম নিয়ে সেমিনার। আমময় এই উৎসবে যোগ দিয়ে আপ্লুত জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী। উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, এত ধরনের আম, তাদের আলাদা আলাদা স্বাদ, সত্যিই অনবদ্য। সবচেয়ে ভালো লাগার বিষয়, ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের হাতে তৈরি আমের আইসক্রিম, ম্যাঙ্গো মোমো।
ক্যাম্পাস কো-অর্ডিনেটর বলেন, ম্যানেজমেন্টের পড়ুয়াদের মার্কেটিং ও টিম ওয়ার্ক একটি অন্যতম বিষয়। আমকে কেন্দ্র করে যে বিজনেস সম্ভাবনা রয়েছে, সেটাও এদিনের উৎসবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। • নিজস্ব চিত্র।