• অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন নবান্নের, সদস্য করা হল তথাগত রায়কে
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করল নবান্ন। খসড়া বিলের আইনি, সামাজিক ও সাংবিধানিক দিক খতিয়ে দেখবে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি। কমিটির বাকি সদস্যরা হলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রেসিডেন্ট কমিশনার দুশ্যন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডঃ রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, বঙ্গীয় সম্ভাগের সহসভাপতি নির্মাল্য ভট্টাচার্য। এই কমিটির সদস্য-আহ্বায়ক করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। 

    মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কমিটি খসড়া বিলের প্রতিটি ধারা খতিয়ে দেখবে এবং আইনগত ও সাংবিধানিক দিকগুলি বিশ্লেষণ করবে। বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক প্রভাব মূল্যায়ন করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন বা সুপারিশও করতে পারে এই কমিটি। এরপর সরকার বিলটি আইনসভায় আনার ক্ষেত্রে সুপারিশগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। আদিবাসীদের ক্ষেত্রে অবশ্য এই আইন প্রযোজ্য হবে না বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।    

    কেন এই কমিটি গঠন করল রাজ্য? রাজ্য সরকারের মতে, অভিন্ন দেওয়ানি বিধি একটি বিস্তৃত বিষয়, যা সমাজের বিভিন্ন সম্প্রদায়, ধর্ম ও ব্যক্তিগত আইনকে স্পর্শ করে। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে খসড়া বিলটি গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করেছে রাজ্য সরকার। 

    রাজ্য মন্ত্রিসভার ২ জুলাইয়ের বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। খসড়া বিলে মূলত বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উইল ছাড়া উত্তরাধিকার, উইল অনুযায়ী উত্তরাধিকার সংক্রান্ত ব্যক্তিগত দেওয়ানি বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একটি অভিন্ন আইন প্রণয়নের জন্য ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ শীর্ষক একটি খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। সেটি আইন হিসাবে কার্যকর করার আগে বিশেষজ্ঞদের মতামত নিতেই এই কমিটি গঠন করেছে রাজ্য। 

    পশ্চিমবঙ্গের আগে উত্তরাখাণ্ড এবং গুজরাতে লাগু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। অসমেও লাগু হচ্ছে এই বিধি। উত্তরাখাণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সময়ও দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইকেই।
  • Link to this news (বর্তমান)