• অভয়ার ভিসেরা পরীক্ষার রিপোর্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় ভিসেরা পরীক্ষার রিপোর্ট নিয়ে উঠেছিল বিস্তর অভিযোগ। আদালতে পেশ করা অভয়ার পরিবারের সেই রিপোর্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। শনিবার আদালত সূত্রে জানা গিয়েছে, ৩০ জুলাই সিবিআইকে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। অভয়ার পরিবারের তরফে কৌঁসুলি অমর্ত্য দে বলেন, ‘আমরা যে দাবি জানিয়ে ছিলাম, আদালত তাতে ‘সিলমোহর’ দেওয়ায় সন্তোষ প্রকাশ করছি। আমরা সিবিআইয়ের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।’

    আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (বেলগাছিয়া) এক অবসরপ্রাপ্ত কর্মী ডাকযোগে একটি চিঠি পাঠান অভয়ার বাবার কাছে। চিঠিতে ওই কর্মীর অভিযোগ ছিল, অভয়ার মৃতদেহ থেকে যে ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা বদল করা হয়েছে। সেখানে প্রাক্তন ওই কর্মীর দাবি, এই ঘটনার পিছনে ছিলেন ফরেন্সিক বিভাগের তিন কর্মী। তাঁরাই নমুনা বদলের কাজ করে ছিলেন। চিঠি পাওয়ার পর অভয়ার পরিবার  আদালতের দ্বারস্থ হন। আদালতের কাছে অভয়ার বাবা‑মা’র বক্তব্য ছিল, চিঠিতে যে অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত গুরুতর। তাই চিঠির সত্যতা যাচাই করার জন্য আদালত সিবিআইকে প্রয়োজনীয় নির্দেশ দিক।
  • Link to this news (বর্তমান)