নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরের রাস্তা দখলমুক্ত করতে ফের যৌথ অভিযানে নামল হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশ। শনিবার দুপুরে বেলিলিয়াস রোড থেকে ব্যাঁটরার নরসিংহ দত্ত রোড পর্যন্ত রাস্তার ধারে গড়ে ওঠা বেআইনি গুমটি, দোকান এবং দোকানের দখল করা বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় কোথাও বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ১টা নাগাদ ফাঁসিতলা মোড় থেকে জামা মসজিদ পর্যন্ত বেলিলিয়াস রোডে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর ধাপে ধাপে সেই অভিযান পৌঁছয় ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডে। রাস্তার দু’ধারে গড়ে ওঠা একাধিক গুমটি, স্থায়ী-অস্থায়ী দোকান এবং বেআইনি সম্প্রসারিত অংশ সরিয়ে দেওয়া হয়। পুরসভার দাবি, অভিযানের আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিস দিয়ে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পেরলেও দখল না ছাড়ায় এদিন বুলডোজার নামানো হয়। পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, শুধু বেলিলিয়াস রোডেই প্রায় ৪৫টি বেআইনি গুমটি ভেঙে দেওয়া হয়েছে। নরসিংহ দত্ত রোডেও একই ধরনের বেশ কয়েকটি নির্মাণ সরানো হয়েছে। তবে উচ্ছেদ চলাকালীন এক প্রতিবন্ধী যুবকের গুমটি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রতিবাদে সরব হন। যদিও পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এদিকে যাঁদের দোকান ও গুমটি ভেঙে দেওয়া হয়েছে, তাঁদের একাংশ পুনর্বাসনের দাবিও তুলেছেন।