• বসিরহাটে বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও ভেড়ি
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: মরশুমের প্রথম বর্ষায় বসিরহাটের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হল কৃষিজমি, মাছের ভেড়ির। বাদুড়িয়া, রামচন্দ্রপুর, আটঘরা, সিমলা, ফতুল্লাপুর, বেনা, পিয়াড়া, তেঘরিয়া এলাকায় গত দু’দিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টিপাতের জন্য চাষের জমি সম্পূর্ণভাবে জলময় হয়ে উঠেছে। ওই এলাকার এক কৃষক মেকাইল রহমান বলেন, এই বৃষ্টি যদি আরও কয়েকদিন ধরে চলে, তাহলে লক্ষ লক্ষ টাকা লোকসানের মুখে পড়তে হবে। এই কৃষকদের অধিকাংশই ভাগচাষি। স্থানীয় সমবায় থেকে ঋণ নিয়ে চাষআবাদ করে থাকেন। স্বাভাবিকভাবেই এই বৃষ্টির জল জমা থেকে আশঙ্কায় তাঁরা। পিয়াড়া এলাকায় এক কৃষক রামপদ হালদার বলেন, বিগত সরকারের আমলে অকাল বর্ষণ থেকে কৃষিতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত হলে রাজ্য সরকারের কৃষিবিমা থেকে সহযোগিতা পেতাম। এবার তো ফর্মও পেলাম না। অন্যদিকে, সীমান্তবর্তী এলাকা স্বরূপনগরের বল্লির বিল ও হাড়োয়া ব্লকে মাছচাষের ভেড়ি ভেঙে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হওয়ার আশাঙ্কা দেখা দিয়েছে। ভেড়ি মালিকরা বলেন, বাজার থেকে মাছের খাবার ও মাছের পোনা কিনে চাষ করে সব নষ্ট হবার মুখে। রাজ্যে সরকার ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের দিকে সাহায্যের হাত বাড়ালে খুবই ভালো হয়। এই বিষয়ে এলাকার এক শিক্ষক অমৃত মণ্ডল বলেন, সবে মাত্র রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। তবু সরকারের কাছে অনুরোধ, দরিদ্র কৃষক ও মৎস্যজীবীদের ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত করে দেখে সাহায্য করুক তারা।
  • Link to this news (বর্তমান)