• দত্তপুকুরে খাল থেকে পচাগলা দেহ উদ্ধার
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: খাল পরিষ্কারের সময় উদ্ধার হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় দত্তপুকুরের বামনগাছির নিত্যানন্দ সরণিতে। মৃতদেহের গলায় সুতো এবং ধারালো কিছু দিয়ে আঘাত করার মতো দাগ রয়েছে বলেই দাবি স্থানীয়দের। মৃতের পায়ে জুতোও ছিল। মৃত্যুর কারণ ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যানন্দ সরণি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জল নিকাশির সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টিতে রেল লাগোয়া খাল উপচে জল ঢুকে পড়ে আশপাশের এলাকায়। সেই সমস্যা মেটাতে শনিবার পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। সেই সময় খালের পলি ও আগাছার মধ্যে আটকে থাকা একটি পচাগলা দেহ শ্রমিকদের নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। প্রাথমিক অনুমান, দেহটি প্রায় দু’মাস বা তারও বেশি সময় ধরে খালের জলে পড়ে ছিল। দীর্ঘদিন জলে থাকায় দেহটি এতটাই পচে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ এবং কীভাবে ওই ব্যক্তির দেহ খালে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টাও চলছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস বিশ্বাস বলেন, খাল পরিষ্কারের কাজ চলছিল। আচমকা শ্রমিকদের নজরে আসে একটি দেহ। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও পরে নিশ্চিত হওয়া যায়, সেটি মৃতদেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। আর এক বাসিন্দা সুমিত মল্লিকের বক্তব্য, দেহটি সম্পূর্ণ পচাগলা অবস্থায় ছিল। গলায় সুতো এবং কাটার মতো দাগ চোখে পড়েছে। পায়ে জুতোও ছিল। এতদিন ধরে দেহটি খালের মধ্যে পড়ে ছিল কীভাবে তা নিয়েই এলাকায় নানা প্রশ্ন উঠছে। তদন্তে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে আশা করছি। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশের অনুমান।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)