নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগর-কল্যাণগড় পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। বসানো হল প্রশাসক। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ এবং প্রশাসনিক কাজকর্মে অচলাবস্থার জেরে এই পদক্ষেপ বলেই দাবি প্রশাসনের। সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ছ’মাসের জন্য পুরসভার সমস্ত দায়িত্ব পালন করবেন বারাসত (সদর)-এর মহকুমা শাসক। এই সময়ে পুরসভার দৈনন্দিন কাজকর্ম ও নাগরিক পরিষেবা প্রশাসকের তত্ত্বাবধানেই চলবে।
২৩ সদস্যের অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার আগেই গ্রেপ্তার হয়েছেন। তাঁর গ্রেপ্তারের পর থেকে পুরসভার প্রশাসনিক কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কাউন্সিলার থেকে সিআইসিরা কেউই পুরসভায় আসেন না। সবদিক বিবেচনা করে শেষপর্যন্ত নির্বাচিত পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ছ’মাস পুরসভার প্রশাসনিক দায়িত্ব সম্পূর্ণভাবে প্রশাসকের হাতে থাকবে।