পার্ক স্ট্রিটে বৃদ্ধকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় কোটি টাকার ২১৭টি হিরে চুরি, পরিচারিকা সহ ধৃত ৪
বর্তমান | ১২ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় কোটি টাকার ২১৭টি হিরে এবং হিরে বসানো কানের দুল চুরির কিনারা করল কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাতক পরিচারিকা এবং তার সঙ্গী সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানা। ধৃতরা হল, পুতুল বর্মন ওরফে নমিতা রাউত, চন্দনকুমার সাউ, সুস্মিতা সরদার এবং সোহেল রফিক।
পার্ক স্ট্রিটের অভিজাত এক আবাসনের ঘটনা। জুন মাসের শেষ দিকে ৮৪ বছরের নিঃসঙ্গ প্রবীণ ব্যক্তিকে দেখভালের জন্য একজন পরিচারিকা নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, কাজে যোগ দেওয়ার দিন কয়েকের মধ্যে ওই পরিচারিকা বৃদ্ধকে ঘুমের ওষুধ খাইয়ে মোট ২১৭পিস হিরে, একজোড়া হিরে বসানো কানের দুল, একটি সোনার হার, রুপোর স্মারক, রুপোর বাসন মিলিয়ে মোট প্রায় ১ কোটি টাকার সামগ্রী হাতিয়ে উধাও হয়ে যায়। লিখিত অভিযোগ দায়ের হয় স্থানীয় পার্ক স্ট্রিট থানায়। তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে পলাতক পরিচারিকা পুতুল বর্মন ওরফে নমিতা রাউতের উপর দিয়ে সন্দেহ পড়ে। পলাতক পরিচারিকার মোবাইলের উপর নজরদারি শুরু হয়। যার সূত্র ধরে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা থেকে পরিচারিকা পুতুল বর্মন ওরফে নমিতা রাউতকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানা।
চুরি যাওয়া হিরের খোঁজে ধৃত পরিচারিকাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসার চন্দনকুমার সাউ এবং সুস্মিতা সরদার নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেন। এই দম্পতির বাড়িতেই কোটি টাকার হিরে এবং হিরের কানের দুল লুকিয়ে রাখা ছিল বলে দাবি কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, চোরাই হিরের নাগাল যাতে পুলিশ না পায়, তার জন্য ওই পরিচারিকা তার বন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তির স্ত্রীর কাছে লুকিয়ে রেখেছিল।