• বেলিংহ্যাম ম্যাজিকে কোয়ার্টারেই বিদায় ভাইকিংদের
    আজকাল | ১২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত লড়াই, কিন্তু তারপরেও শেষরক্ষা হল না। সিলেবাসে হ্যারি কেন পড়ে এলেও পরীক্ষায় এলেন জুড বেলিংহ্যাম।

    মাদ্রিদ মিডিওর জোড়া গোলে ভাইকিংদের বাড়ি পাঠাল ইংল্যান্ড। তবে নরওয়ে যে খেলাটা খেলল তাতে ইংল্যান্ড শিবিরে যে ভয় ধরেনি তেমনটা মোটেই নয়। উল্টে, শুরু থেকে ব্রিটিশদের শিবিরেই হামলা চালিয়ে গেল নরওয়ে।

    থমাস টুচেল তাঁর ছেলেদের হালান্ডকে আটকানোর পাঠ দিয়েছিলেন। কিন্তু নরওয়ে কেনকে আটকালেও মাদ্রিদ মিডিওকে রুখতে পারল না। সময় মতো বেলিংহ্যাম একক দক্ষতায় ম্যাচ বের করে দিলেন। তবে বিতর্ক থেকে গেল ইংল্যান্ডের সমতা ফেরানো গোল নিয়েও।

    রিপ্লেতে দেখা যায়, গোল কিকে বল ক্যামেরায় লেগে তারপর মাঠে ফিরেছে। সেই বিল্ড আপ থেকেই গোল করেন জুড। কিন্তু গোলের পর হালান্ড রিভিউয়ের আবেদন জানালেও ভার অন ফিল্ড রেফারির সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি।

    ম্যাচের প্রথম মিনিট থেকে বলের দখল ইংল্যান্ডের কাছে থাকলেও হ্যারি কেনদের চমকে দিয়ে এগিয়ে যায় নরওয়ে। ৩৬ মিনিটে ভাইকিংদের এগিয়ে দেন আন্দ্রেস শেলদেরুপ।

    হ্যারি কেনের পা থেকে বল কেড়ে নেন মার্টিন ওডেগার্ড। তিনি পাস বাড়ান বাঁদিকে আন্দ্রেসের পায়ে। বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট নেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

    জর্ডন পিকফোর্ড বলের লাইন বুঝতেই পারেননি। ফার পোস্টে লেগে বল ঢুকে যায় গোলে। ইংল্যান্ড ভারের আবেদন করলেও তাতে কর্ণপাত করেননি রেফারি। অবশ্য, ইংল্যান্ড সমতা ফেরাতে বেশি সময় নেয়নি।

    প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যাম অ্যান্থনি গর্ডনের বাড়ানো বল ধরে একক দক্ষতায় গোল করেন। ৫৭ মিনিটে ফের এগিয়ে গিয়েছিল নরওয়ে।

    কর্নার থেকে ওডেগার্ডের ভাসানো বলে হেড করেন আলেকজান্ডার সরলথ। পিকফোর্ডের সেভ করা বল থেকে গোল করেন নরওয়ের সেন্টার ব্যাক হেগেম।

    কিন্তু ভারে দেখা যায় কর্নারের আগেই এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছেন আর্লিং হালান্ড। ফলে, গোল বাতিল করেন রেফারি।

    অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ৯৩ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন বেলিংহ্যাম। বক্সের বাইরে থেকে মর্গ্যান রজার্সের শট একবারে গ্রিপ করতে পারেননি নরওয়ের গোলকিপার নিল্যান্ড।

    রিবাউন্ড বল আলতো ট্যাপ ইন করে ব্যবধান বাড়ান ইংলিশ মিডফিল্ডার। অতিরিক্ত সময়ের বাকিটা ইংল্যান্ডের কমপ্যাক্ট ডিফেন্স এবং আত্মবিশ্বাসের কাছে হার মানতে হল নরওয়েকে।
  • Link to this news (আজকাল)