• ‘না’ বলার পরেও গায়ের জোরে তরুণীর ফ্ল্যাটে, অশালীন আচরণের অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • ব্যাঙ্গালুরুর এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগ, টয়লেট ব্যবহারের বাহানায় ডেলিভারি বয় জোর করে ওই তরুণীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। এর পরে টয়লেট থেকে বেরিয়ে তরুণীর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে নিজের বাড়িতেই নিরাপত্তার অভাবে ভুগছেন ওই তরুণী। পুরো ঘটনার একটি বিবরণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তরুণী। সেই ভিডিয়ো সামনে আসতেই বিশেষ ভাবে তৎপর ব্যাঙ্গালুরু পুলিশ।

    তরুণী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, পার্সেল দেওয়ার পরে ডেলিভারি বয় তাঁর বাড়ির ওয়াশরুম ব্যবহারের অনুমতি চায়। কিন্তু অপরিচিত কোনও পুরুষকে ফ্ল্যাটে ঢোকাতে রাজি ছিলেন না তরুণী। তিনি অত্যন্ত ভদ্র ভাবে একাধিকবার ডেলিভারি বয়কে না করে দেন। এমনকী, তরুণী পাশের ফ্ল্যাটের পুরুষ প্রতিবেশীদের সাহায্য নেওয়ার পরামর্শও দেন। কিন্তু তরুণীর নিষেধ না শুনেই ডেলিভারি বয় গায়ের জোরে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। এর পরে সোজা বাথরুমে চলে যায় ডেলিভারি বয়।

    অভিযোগ, টয়লেট থেকে বেরিয়ে ওই ডেলিভারি বয় তরুণীর সামনে গোপনাঙ্গ উন্মুক্ত করে দেয়। ঘটনায় তরুণী এতটাই স্তম্ভিত হয়ে যান, যে কিছুক্ষণের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তরুণী তাঁর পোস্টে লিখেছেন, ‘একজন নারী যখন না বলেছেন, তখন সেখানেই কথা শেষ হওয়া উচিত। কোনও অপরিচিত মানুষের অধিকার নেই একজন মহিলার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করে জোর করে ঘরে ঢোকার।’

    তবে বিপদ এড়াতে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান তরুণী। তিনি ফোনের ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। এর পরে ফ্ল্যাটের দরজা খুলে বাইরে চলে যান তরুণী, যাতে প্রতিবেশীদের সাহায্য নেওয়া যায়। কিন্তু তৎক্ষণাৎ অভিযুক্ত ডেলিভারি বয় পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

    সোশ্যাল মিডিয়ার ওই পোস্ট দেখা মাত্রই তদন্তে নেমেছে ব্যাঙ্গালুরু পুলিশ। পুলিশের পক্ষ থেকে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত ডেলিভারি বয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ।

  • Link to this news (এই সময়)