সকাল থেকেই মেঘে ঢাকা শহরের আকাশ। বিন্দুমাত্র রোদের দেখা নেই। আজ, রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলায়।
রবির সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনভর মোটের উপর মেঘলাই থাকবে শহরের আকাশ। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির। তবে সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।