এই সময়, মালদা: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হলো মালদার চাঁচলের এক কনটেন্ট ক্রিয়েটরকে। শুক্রবার চাঁচল মহিলা বিজেপি মোর্চার তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার পরেই শনিবার মুসু ইয়াসমিন নামে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ।
এ দিনই ধৃত তরুণীকে চাঁচল মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময়ে তাঁর কড়া শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। 'মুসু ইয়াসমিন অফিসিয়াল' নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ বিজেপির।
যদিও এ নিয়ে ওই তরুণীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ দিন ধৃতকে আদালতে হাজির করা হলে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।