• তারে বল লেগেছিল? বেলিংহ্যামের গোলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল নরওয়ে, বিতর্কে জবাব FIFA-র
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • ইংল্যান্ড নাটকীয় ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হয়েছে রেফারিং ও প্রযুক্তি নিয়ে। জুড বেলিংহ্যামের প্রথম গোলের আগে বলটি মাঠের উপর ঝুলে থাকা ক্যামেরার তারে লেগেছিল কি না, তা নিয়েই শুরু হয় বিতর্ক। নরওয়ের ফুটবলাররা গোলের বৈধতা নিয়ে আপত্তি তুললেও পরে FIFA জানায়, তাদের প্রযুক্তিগত তথ্য অনুযায়ী বল তারে লাগেনি।

    গোল নিয়ে বিতর্ক, কী বলল FIFA?

    প্রথমার্ধের ইনজুরি টাইমে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড লম্বা গোল কিক মারেন। সেই সময় নরওয়ের ফুটবলারদের দাবি ছিল, বলটি আকাশে থাকা ক্যামেরার তারে লেগে দিক বদলেছিল। এর পরই ইংল্যান্ড বলের দখল নিয়ে আক্রমণে ওঠে এবং বেলিংহ্যাম সমতা ফেরান।

    ম্যাচের পরে FIFA এক বিবৃতিতে জানায়, ‘কানেক্টেড বল’ প্রযুক্তির সেন্সরে এমন কোনও তথ্য পাওয়া যায়নি যা প্রমাণ করে বলটি তারে লেগেছিল। FIFA-র বক্তব্য, বল আকাশে থাকার সময় সেন্সরে কোনও অস্বাভাবিক সঙ্কেত ধরা পড়েনি। তাই বল তারে লেগেছিল, এমন কোনও প্রমাণ নেই। নিয়ম অনুযায়ী বল যদি বাইরের কোনও বস্তুর সঙ্গে ধাক্কা খায়, তা হলে খেলা থামিয়ে ড্রপ বল দিতে হয়। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা এমন কিছু দেখেননি বলেই খেলা চালিয়ে যান তাঁরা। FIFA সাফ দাবি, ‘বলটি তারে লেগেছিল বলে কোনও প্রমাণ নেই। তাই ম্যাচ অফিসিয়ালরা খেলা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রযুক্তিগত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

    ক্ষুব্ধ নরওয়ে, দ্বিতীয় বারও VAR-এর ধাক্কা

    এই সিদ্ধান্তে নরওয়ের ফুটবলার ও কোচিং স্টাফ রীতিমতো ক্ষুব্ধ হন। গোল হওয়ার পর হতাশায় মাঠেই বসে পড়েন গোলরক্ষক নিল্যান্ড। স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড এবং কোচ স্টালে সোলবাকেন রেফারির কাছে গিয়ে প্রতিবাদও জানান।

    বিতর্ক এখানেই শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে লিও হেগেম গোল করে নরওয়েকে সমতায় ফেরানোর আশা জাগিয়েছিলেন। কিন্তু VAR পর্যালোচনার পরে গোলটি বাতিল করা হয়। রেফারির মতে, কর্নার নেওয়ার আগে হাল্যান্ড প্রতিপক্ষের ফুটবলার এলিয়ট অ্যান্ডারসনের বিরুদ্ধে ফাউল করেছিলেন।

    এই সিদ্ধান্ত মাঠের পাশের মনিটরে দেখে নেওয়ার পর ঘোষণা করা হয়। তবুও নরওয়ের শিবিরের মনে হয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তাদের বিপক্ষেই গিয়েছে।

    বেলিংহ্যামের জোড়া গোলে ইংল্যান্ডের জয়

    বিতর্কের মধ্যেও ম্যাচে শেষ হাসি হাসে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে নিল্যান্ডের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। টুর্নামেন্টে এটি ছিল তাঁর ষষ্ঠ গোল। এই জয়ের হাত ধরে টমাস তুচেলের দল সেমিফাইনালে উঠল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্তিনা। অন্যদিকে এই হারেই শেষ হয়ে গেল নরওয়ের বিশ্বকাপ অভিযান। পাশাপাশি ভেঙে গেল হাল্যান্ডের টানা ১৪ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার দুর্দান্ত রেকর্ডও।
  • Link to this news (এই সময়)