• ‘দিনে দুপুরে ডাকাতির শিকার নরওয়ে’, তারে বল লাগা নিয়ে FIFA-কে তুলোধনা নেটিজেনদের
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • ফের বিতর্কে বিশ্বকাপ। এ বার রেফারিং নিয়ে আলোচনায় ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ। অন্যতম চর্চিত একটি ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে। নরওয়ের অভিযোগ, জুড বেলিংহামের সমতাসূচক গোলের আগে বলটি মাঠের উপরে থাকা স্পাইডার ক্যামেরার তারে লেগেছিল। নিয়ম অনুযায়ী, এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে খেলা থামানোর কথা। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেন। এটা নিয়ে ক্ষুব্ধ নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় FIFA ও রেফারির তুলোধনা করা হয়েছে।

    নেটিজেনদের ক্ষোভ

    এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনার ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, যেখানে ভিডিয়োতে পরিষ্কার বোঝা যাচ্ছে বল তারে লেগেছিল সেখানে কেন বাকি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি নিল্যান্ড যখন অভিযোগ জানান, তার পর কেন VAR হস্তক্ষেপ করেনি? সাধারণত VAR টিম প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করেন। আর নিল্যান্ড গোল হওয়ার কিছুক্ষণের মধ্যে জানান রেফারিকে। তখনই দরকার ছিল চেক করার, কিন্তু তা করেনি। এক সমর্থক লেখেন, 'ফের দিনে দুপুরে ডাকাতি করল FIFA।'

    England vs Norway: কী ভাবে তৈরি হলো বিতর্ক?

    মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলডরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলকিপার ওরইয়ান নিলান্ড লম্বা গোলকিক নেন। বলটি হাল্কা কার্ভ হয়ে গিয়ে পড়ে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের পায়ের কাছে। সেটি নিয়ন্ত্রণে নিয়ে বাঁ প্রান্তে থাকা অ্যান্থনি গর্ডনকে পাস দেন। গর্ডনের নিখুঁত ক্রস থেকে জুড বেলিংহাম ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করে ইংল্যান্ডকে ১-১ সমতায় ফেরান।

    প্রতিবাদ করেন নিলান্ড, হাল্যান্ড ও নরওয়ে কোচ

    গোল হওয়ার পরই নরওয়ের গোলকিপার ওরইয়ান নিল্যান্ড রেফারির কাছে গিয়ে ওপরের দিকে ইশারা করে জানান, বলটি তারে লেগেছিল। ডাগআউট থেকে নরওয়ে কোচ স্টলে সোলবাক্কেনও সহকারী রেফারির সঙ্গে কথা বলেন।

    ESPN-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিরতির সময় নিল্যান্ড, হাল্যান্ড এবং কোচ রেফারির কাছে গিয়ে গোলের সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তাঁরা গোল বাতিলের দাবি জানান। কিন্তু রেফারি সেই দাবিকে আমল দেয়নি। পাশাপাশি ওই ঘটনাটি VAR খতিয়ে দেখেছে কি না সেটাও নিশ্চিত নয়।

    FIFA-র ব্যাখ্যা কী?

    বিতর্ক ছড়িয়ে পড়ার পর ফিফা একটি ব্যাখ্যা দেয়। তাদের দাবি, প্রযুক্তিগত তথ্য অনুযায়ী বল তারে লেগেছিল — এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারা জানায় ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে বলের ভেতরে থাকা Connected Ball Technology-র সেন্সরে কোনও অস্বাভাবিক কম্পন বা 'হার্টবিট' ধরা পড়ে নি।
  • Link to this news (এই সময়)