দীক্ষা ভুঁইয়া: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগে একটি অত্যাধুনিক ইস্পাত কারখানা গড়ে উঠছে। এই প্রকল্পে সৌরভ গাঙ্গুলির উদ্যোগে ক্যাপ্টেন স্টিলের অংশীদারিত্ব রয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ০.৮ মিলিয়ন টন। এর ফলে পশ্চিমবঙ্গের ইস্পাত উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে কারখানাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রচারপত্রে সৌরভ গাঙ্গুলির এই কারখানার কথা তুলে ধরা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে এই প্রকল্প পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যদিও এই কারখানা তৈরির বা প্রকল্পের সূচনা হয় ২০২৩ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে একটি বড় ইস্পাত কারখানা গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় প্রায় ৬০০ একর জমিতে কারখানা তৈরির প্রস্তাব ছিল। তবে জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।
পরে আগের সরকার বিকল্প হিসেবে গড়বেতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির প্রস্তাব দেয়। রাজ্য মন্ত্রিসভা শিল্পোন্নয়নের স্বার্থে গড়বেতায় ভেস্টেড জমি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (WBIDC)-এর হাতে হস্তান্তরের অনুমোদন দেয়। পরবর্তীতে WBIDC ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে গড়বেতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২৫০ একর জমি নীতিগতভাবে বরাদ্দের অনুমোদন (Letter of Intent) দেয়, যেখানে সমন্বিত ইস্পাত কারখানা তৈরির কথা ছিল। আর সেই গডবেতাতেই সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা হতে চলেছে।