সাতসকালে 'অ্যাকশনে' জেসিবি, এবার শহরের জমা জল পৌঁছে যাবে পড়শি দেশে
News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
প্রতি বর্ষায় দুর্ভোগে এবার মিটতে চলেছে। জল জমার দুর্ভোগে ইতি টানতে বড় পদক্ষেপ প্রশাসনের। আর জল জমবে না শহরে। ফলে আশায় বুক বাঁধছেন শহরবাসী। জল জমার যন্ত্রণা এবার হয়ত শেষের পথে। গদাধর ক্যানেল সংস্কারে স্বস্তির আশায় জলপাইগুড়িবাসী। বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক এলাকা। এই চিরচেনা সমস্যার সমাধানে অবশেষে বড় পদক্ষেপ নিল সেচ দফতর।
শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ গদাধর ক্যানেলের সংস্কার ও পরিষ্কার কাজ। আর এই উদ্যোগে স্বস্তির ফিরেছে শহরবাসীর মুখে। জানা গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার প্রায় ২৫টি ওয়ার্ডের নর্দমার জল এবং বৃষ্টির জল এই ক্যানেলের মাধ্যমেই নিষ্কাশিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ক্যানেলের মধ্যে জমে থাকা আবর্জনা ও নোংরার স্তূপের কারণে জল বেরোনোর পথ কার্যত বন্ধ হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়ে যেত। এবার সেই সমস্যা দূর করতেই ক্যানেলের সম্পূর্ণ পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
এদিন জেসিবি মেশিন এনে ক্যানেলের চারপাশে জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু করে সেচ দফতর। ইতিমধ্যেই বেশ কিছু অংশ পরিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ক্যানেল পরিষ্কার হয়ে গেলে শহরের জমা জল সহজেই শহরের পাঙ্গা নদী হয়ে বাংলাদেশে পৌঁছে যাবে। ফলে জল নিষ্কাশনের সমস্যা অনেকটাই কমবে এবং বর্ষাকালে জল জমার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
যদিও প্রতি বছর বর্ষার সময়েই এই কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলছেন সময় নিয়ে। বর্ষার আগেই কাজ সম্পন্ন হলে দুর্ভোগ পোহাতে হত না বলেই দাবি তাদের। তবুও কাজ শুরু হওয়ায় খুশি শহরের বাসিন্দারা। এতদিনের দুর্ভোগ কাটিয়ে এবার স্বস্তির আশা দেখছেন জলপাইগুড়ির বাসিন্দারা। তাঁদের আশা, এই উদ্যোগ সফল হলে আগামী দিনে বর্ষা আর ভোগান্তির কারণ হবে না, বরং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা অনেকটাই সহজ হয়ে উঠবে।