৫০০ টাকা তুলতে গিয়ে চমকে গেলেন! চাষির বাড়ির বউ, তাঁরই অ্যাকাউন্টে কিনা ৭৫৯ কোটিরও বেশি টাকা
News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে কোটিপতি! ব্যাঙ্কে ঢুকে যা দেখলেন, বিশ্বাসই হচ্ছিল না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স দেখে অজ্ঞান হওয়ার উপক্রম! ৫০০ টাকা তুলতে গিয়ে ৭৫৯ কোটির মালিক।
মাত্র ৫০০ টাকা তুলতে গিয়ে জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনার মুখে পড়লেন এক গৃহবধূ। ব্যাঙ্কে গিয়ে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই দেখলেন, সেখানে জমা রয়েছে প্রায় ৭৫৯ কোটিরও বেশি টাকা! এই অবিশ্বাস্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি–২ গ্রাম পঞ্চায়েতের যোদ্ধারটারি এলাকায়। জানা গিয়েছে, ওই গৃহবধূ শেফালী রায়ের অ্যাকাউন্টে আগে প্রায় ৩,২০০ টাকা ছিল।
সম্প্রতি, অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়ার বার্তা পাওয়ার পর তিনি স্থানীয় ব্যাঙ্কে ৫০০ টাকা তুলতে যান। কিন্তু ব্যালেন্স চেক করতেই চোখ কপালে ওঠে তাঁর। বারবার যাচাই করেও একই অঙ্ক দেখায় বলে দাবি পরিবারের।
বাড়ি ফিরে বিষয়টি জানাতেই উদ্বেগ ছড়ায় পরিবারে। স্বামী সুকাতু রায়, পেশায় কৃষক। তাঁদের দাবি, এত বিপুল অঙ্কের টাকার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। সাধারণ কৃষক পরিবার হিসেবে সরকারি প্রকল্পের সামান্য অনুদান ও সঞ্চয়েই তাঁদের সংসার চলে। ফলে হঠাৎ এই বিপুল অর্থ দেখানোয় তাঁরা আতঙ্কিত।
ধীরে ধীরে আশপাশের লোকজনের কাছে ঘটনা জানাজানির পর থেকেই এলাকায় ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। কেউ জানতে চাইছেন সত্যতা, কেউ আবার নানা জল্পনা করছেন। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আজ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে কী কারণে এত বিপুল অঙ্কের টাকা দেখাচ্ছে সাধারণ নাগরিকের ব্যাঙ্কে? ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের কথায়, অনেক সময় সফটওয়্যার ত্রুটি, সার্ভার সমস্যা বা ডেটা আপডেটের গোলযোগে এমন অস্বাভাবিক ব্যালেন্স দেখা যেতে পারে। তবে, প্রকৃত কারণ জানতে ব্যাঙ্কের প্রযুক্তিগত তদন্ত জরুরি। এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে বলেই আশ্বাস।